ব্রাজিলের গোলে ফেরার ম্যাচ
রেকর্ডে বিশ্বাস করেন? তাহলে মানতে হবে, আগামীকাল ব্রাজিলের অন্তত চার গোল করার কথা। হাইতির সঙ্গে এর আগে তিনবার মুখোমুখি হয়েছে সেলেসাওরা, তাতে গোল করেছে ১৯টি। কোনো ম্যাচেই চারটির কম নয়। ১৯৫৪ সালে প্যান আমেরিকান গেমসে জয় ৯-১ গোলে, এরপর ১৯৭৪ ও ২০০৪ সালে দুটি প্রীতি ম্যাচের স্কোরলাইন ৪-০ ও ৬-০।
র্যাঙ্কিংকে মূল্য দেন? তাহলে নিশ্চয়ই ধরে নিয়েছেন, ব্রাজিল কাল হেসেখেলেই জিতবে। ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে ব্রাজিল ৭ নম্বরে, ৭৪ নম্বরে হাইতি।
শতবার্ষিকী কোপা আমেরিকায় আগামীকাল গ্রুপের দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ এই হাইতি। এর আগে এত র্যাঙ্কিং-রেকর্ডের হিসাব কেন? কারণটা সহজেই অনুমেয়, গোলে ফেরা চাই ব্রাজিলের। ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করে কোপায় যাত্রা শুরু করেছে কার্লোস দুঙ্গার দল। দ্বিতীয় ম্যাচে জয়টা তাই খুব জরুরি। সে জন্য এর চেয়ে আদর্শ প্রতিপক্ষ আর কে হতে পারত!
ব্রাজিল ডিফেন্ডার মারকুইনোস অবশ্য হাইতিকে মোটেও খাটো করে দেখতে রাজি নন। প্রতিপক্ষকে সম্মান দেওয়ার চিরাচরিত পথে হেঁটে পিএসজি ডিফেন্ডার বললেন, ‘হাইতির বিপক্ষে আমাদের পা মাটিতেই রাখতে হবে। সেলেসাও বলেই আমরা জিতে যাব, ব্যাপারটা এমন নয়। আমাদের ভালো খেলতে হবে।’
আগস্টে অনুষ্ঠেয় অলিম্পিকে খেলবেন বলে নেইমার নেই কোপায়। প্রথম ম্যাচে তাঁর অভাবটাও বেশ ভালোই অনুভব করছে দুঙ্গার দল। ইকুয়েডরের সঙ্গে ম্যাচে বারবার আক্রমণগুলো মুখ থুবড়ে পড়েছে প্রতিপক্ষের ডি বক্সের সামনে গিয়ে, তুলির শেষ পোঁচ দেওয়ার লোকটাই যেন নেই। দেখা যাক, কাল অন্য কেউ সেই ভূমিকায় অবতীর্ণ হতে পারেন কি না! এই ম্যাচের আগে ব্রাজিলের জন্য একটা স্বস্তির খবর অবশ্য আছে। অনুশীলনে ফিরেছেন উইলিয়ান। ইকুয়েডর ম্যাচের শেষ দিকে চোট নিয়ে মাঠ ছাড়া চেলসি মিডফিল্ডারের ওপরই এখন দুঙ্গার ভরসা সবচেয়ে বেশি।
তবে শুধু ব্রাজিলই নয়, বাংলাদেশের মানুষ ম্যাচটির দিকে চোখ রাখতে পারেন আরেকটি কারণে। হাইতির হয়ে খেলতে পারেন দুই বছর আগে শেখ রাসেল ও শেখ জামালে খেলে যাওয়া সনি নর্দে। পেরুর সঙ্গে প্রথম ম্যাচে সুযোগ পাননি, কাল যদি পান, কোপাতেও থাকবে একটুখানি ‘বাংলাদেশ’! তথ্যসূত্র: ডেইলি মেইল।