ব্রাজিলের জন্য দুঃসংবাদ

>কাজানে আজ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হবে ব্রাজিল। চোটের কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে পড়েছেন ব্রাজিলের রাইট–ব্যাক দানিলো
চোট কাটিয়ে মাঠে ফিরে ব্রাজিলের জন্য সুসংবাদ বয়ে এনেছিলেন মার্সেলো। কিন্তু এই সুসংবাদের মধ্যে দুঃসংবাদও পেল ব্রাজিল। গোড়ালির চোটে পড়ে বিশ্বকাপ থেকেই ছিটকে পড়েছেন ব্রাজিলের রাইট-ব্যাক দানিলো। অর্থাৎ ব্রাজিলের লেফট-ব্যাক চোট থেকে ফিরে আসতে না–আসতেই রাইট-ব্যাক চোটের কবলে।
বিশ্বকাপের আগেই চোট পাওয়া দানি আলভেজের বদলি হিসেবে দলে জায়গা পেয়েছিলেন দানিলো। কিন্তু গতকাল ব্রাজিলের অনুশীলনে গোড়ালিতে চোট পান ম্যানচেস্টার সিটির এই ডিফেন্ডার। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) বিবৃতিতে বলা হয়েছে, ‘দানিলো বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন। বিশ্বকাপ শেষ হওয়ার আগে তাঁর সুস্থ হয়ে ওঠার মতো সম্ভাবনা নেই। রাশিয়ায় সে দলের সঙ্গে থাকবে।’
গ্রুপ পর্বের সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন দানিলো। কিন্তু কোস্টারিকা ও সার্বিয়ার বিপক্ষে খেলতে পারেননি। অনুশীলনে ডান কোমরে চোট পেয়েছিলেন তিনি। শেষ ষোলোয় মেক্সিকোর মুখোমুখি হওয়ার আগে সুস্থ হয়ে উঠলেও তিতে তাঁর বদলি ফাগনারকেই খেলিয়েছেন প্রথম একাদশে। অর্থাৎ আজ বেলজিয়ামের বিপক্ষে ফাগনারকেই দেখা যাবে ব্রাজিলের রাইট-ব্যাক পজিশনে। ডগলাস কস্তা চোট কাটিয়ে সুস্থ হয়ে ওঠায় আজ অবশ্য তাঁকে পাচ্ছেন তিতে।