ব্রাজিলের জয়, আর্জেন্টিনার ড্র

কোস্টারিকার বিপক্ষে আগের ম্যাচে মাত্র ১০ মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন। বেঞ্চে বসে থাকাটা যে তাঁর পছন্দ নয়, ম্যাচ শেষে সরাসরিই তা জানিয়ে দেন নেইমার। তার পরও ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা পরের ম্যাচের শুরুতেও বেঞ্চেই বসিয়ে রাখলেন তাঁকে। পার্থক্য বলতে গত পরশু যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই নামিয়েছেন নেইমারকে।
তিনি মাঠে থাকা না-থাকার মধ্যে কতটা পার্থক্য, সেটা বোঝানোর জন্য ওইটুকু সময়ই যথেষ্ট ছিল নেইমারের জন্য। মাঠে নামার ১৬ মিনিটের মধ্যেই ২ গোল করে ফেললেন। ব্রাজিল অধিনায়কের জোড়া গোলের সঙ্গে হাল্ক ও রাফিনহার আরও ২ গোল মিলিয়ে ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে ব্রাজিল জিতল ৪-১ ব্যবধানে। ইয়ুর্গেন ক্লিন্সমানের অধীনে যা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় তিনটি হারের একটি। একই ব্যবধানে আগের দুটি হারের একটি এই ব্রাজিলের বিপক্ষেই (২০১২ সালে), অন্যটি গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে।
ব্রাজিলের জার্সি গায়ে নেইমার বরাবরই দুর্দান্ত। ৬৭ ম্যাচে ৪৬ গোলই এর প্রমাণ। যে রেকর্ড ব্রাজিলিয়ানদের মনে একটু আক্ষেপও জাগাবে। নিষেধাজ্ঞার কারণে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুটি ম্যাচে যে খেলতে পারবেন না। নেইমার অবশ্য মনে করেন না এতে বড় কোনো সমস্যা হবে, ‘ব্রাজিলে এত সব দারুণ খেলোয়াড় আছে, যারা যে কারও অনুপস্থিতিতে জায়গা নিতে পারে। ব্রাজিল কখনোই একজনের দল ছিল না।’
বেঞ্চের বসে থাকাটা যে তাঁর জন্য যন্ত্রণার আরেক নাম, সেটি অবশ্য বলে দিয়েছেন আবারও, ‘আমি মাঠে থাকতে চাই, খেলতে চাই। আর যখনই খেলি, আমি চাই গোল করতে, দলকে সাহায্য করতে।’
ব্রাজিলের ম্যাচ শেষ হওয়ার ঘণ্টা দুয়েক পর টেক্সাসের অর্লিংটনে আর্জেন্টিনার হয়ে মাঠে নেমেছিলেন নেইমারের বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি। বলিভিয়ার বিপক্ষে আগের ম্যাচে জোড়া গোল করেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক, তাঁর দল জিতেছিল ৭-০ গোলে। কিন্তু পরশু মেক্সিকোর বিপক্ষে জিততে পারল না আর্জেন্টিনা। যদিও ২-২ ড্রতেই তাদের খুশি হওয়ার কথা। ৮৫ মিনিট পর্যন্ত যে আর্জেন্টিনা ২-০ গোলে পিছিয়ে ছিল। ৩ মিনিটের মধ্যে দুটি গোল করে আর্জেন্টিনার মান বাঁচিয়েছেন আগুয়েরো ও মেসি। আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির ৪৯তম গোলটি ৮৯ মিনিটে। ম্যাচের বৃহত্তর ছবিটার দিকে তাকিয়ে এই ড্রতেও অসন্তুষ্ট নন মার্টিনো, ‘মেক্সিকো দুটি গোল করলেও ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল। আমরা অনেক সুযোগ পেয়েছি, কিন্তু কাজে লাগাতে পারিনি।’ মার্টিনো খুশি হতে পারেন আরেকটি কারণেও। পরশুর এই ড্রয়ের সুবাদে আগামী মাসে ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই অভিযান শুরু করবে টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে। রয়টার্স, গোলডটকম।