ব্রাজিলের জয়, আর্জেন্টিনার ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের তৃতীয় গোলের পর অলিভিয়েরার উদ্‌যাপনে সঙ্গী উইলিয়ান। চেলসি মিডফিল্ডার নিজে করেছেন জোড়া গোল
ব্রাজিলের তৃতীয় গোলের পর অলিভিয়েরার উদ্‌যাপনে সঙ্গী উইলিয়ান। চেলসি মিডফিল্ডার নিজে করেছেন জোড়া গোল

কান্ডারি নেই দুটি দলের। প্রথম ম্যাচে হোঁচটও খেয়েছে দুই দলই। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে যেন পায়ে পা মিলিয়ে চলছিল ব্রাজিল-আর্জেন্টিনা। ‘তাল’টা কেটে গেল কাল। বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে জিতল ব্রাজিল। আর প্যারাগুয়ের মাঠ থেকে আর্জেন্টিনা ফিরল গোলশূন্য ড্র নিয়ে।
দলের মূল দুই স্ট্রাইকার না থাকা সত্ত্বেও উরুগুয়ে অবশ্য উজ্জ্বল। সুয়ারেজ-কাভানিবিহীন দলটি টানা দুই ম্যাচ জিতে গোল ব্যবধানে পয়েন্ট তালিকার শীর্ষে। মন্টেভিডিওতে কাল তারা ৩-০ গোলে হারিয়েছে কলম্বিয়াকে। আর সানচেজ ও ভারগাসের জোড়া গোলে কোপা চ্যাম্পিয়ন চিলি রুদ্ধশ্বাস উত্তেজনায় হারিয়েছে পেরুকে (৪-৩)।

প্যারাগুয়ের সঙ্গে ম্যাচে আঘাত পেয়ে মাঠে কাতরাচ্ছেন আর্জেন্টিনার কার্লোস তেভেজ l রয়টার্স
প্যারাগুয়ের সঙ্গে ম্যাচে আঘাত পেয়ে মাঠে কাতরাচ্ছেন আর্জেন্টিনার কার্লোস তেভেজ l রয়টার্স

প্রথম ম্যাচে চিলির কাছে পরাজয়ের হতাশা থেকে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাস-জাগানিয়া একটা গোল পাওয়ার দরকার ছিল দ্রুতই। ব্রাজিল সেটা পেয়ে গেল ‘চোখের পলকে’ই। রেফারির বাঁশির ৩৭ সেকেন্ডের মধ্যেই উইলিয়ানের গোল! এরপর ব্রাজিলকে আর পায় কে?
ম্যাচজুড়েই দারুণ খেলেছে বিখ্যাত হলুদ জার্সির দল। দ্বিতীয় গোলটি তো দুর্দান্ত—ফিলিপে লুইস মন্ত্রমুগ্ধ করা এক দৌড়ের পর বাড়িয়ে দেন বলটি, অস্কারের ডামির পর সেটি পূর্ণতা পায় উইলিয়ানের পায়ে। ভেনেজুয়েলা এক গোল অবশ্য ফিরিয়ে দিয়েছিল, তবে ৭৩ মিনিটে ব্রাজিলের তৃতীয় গোলটি করে ম্যাচের ফল নিয়ে যাবতীয় শঙ্কা দূর করে দেন রিকার্ডো অলিভিয়েরা। তবে বড় জয়ের পরও উইলিয়ানের একটু অতৃপ্তি আছে, ‘ভালো একটা ম্যাচ ছিল, তবে আমরা আরও গোল করতে পারতাম।’
গোলের জন্য আক্ষেপ-বিলাস দূরে থাক, একটা গোলের অপেক্ষাই তো ফুরোচ্ছে না আর্জেন্টিনার। এত স্ট্রাইকার তাদের, অথচ বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচ পরও গোলশূন্য জেরার্ডো মার্টিনোর দল! চোটের কারণে মেসি নেই, প্রথম ম্যাচে চোট পেয়ে মাঠের বাইরে আগুয়েরো। তারপরও তো আর্জেন্টিনার স্ট্রাইকারদের মিছিলটা বড়। কিন্তু হতশ্রী দশা তাদের ঘুচছে না।
মেসি-আগুয়েরোর অনুপস্থিতিতে কাল ‘আলবিসেলেস্তে’দের আক্রমণের নেতা ছিলেন কার্লোস তেভেজ। সঙ্গে ডি মারিয়া-লাভেজ্জিরা তো ছিলেনই। তবু আর্জেন্টিনার আক্রমণগুলো যেন ঠিক দানা বাঁধছিল না। পুরো ম্যাচে বল দখলে অনেক এগিয়ে থেকেও তাই ম্যাচটা কাটল গোলহীন। ম্যাচ শেষে কোচ মার্টিনোও হতাশ, ‘প্রথম ম্যাচে হারানো পয়েন্ট ফিরে পেতেই এসেছিলাম। ১ পয়েন্ট পেয়ে আমি সন্তুষ্ট নই। ম্যাচটা আমাদের জেতা দরকার ছিল।’
আগামী ১৩ নভেম্বর বুয়েনস এইরেসে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। নিষেধাজ্ঞা কাটিয়ে ওই ম্যাচে নেইমার ফিরবেন, তবে তত দিনে চোট কাটিয়ে মেসির ফেরার সম্ভাবনা কমই। অধিনায়কের জন্য রাস্তাটা একটু ‘ভদ্রস্থ’ করে রাখল ব্রাজিল, আর্জেন্টিনা কি পারবে? অতীতের রেকর্ডটা কিন্তু তাদের জন্য ভয়ের। কনমেবলের বাছাইপর্বে প্রথম ম্যাচেই ঘরের মাঠে হারা কোনো দল যে কখনো বিশ্বকাপে উঠতে পারেনি। এএফপি।