ব্রাজিলের টানা নবম জয়

ব্রাজিলের বিশ্বকাপের শেষটা মনে আছে? দুই ম্যাচে দশ গোল হজম করে ১৯৫০ বিশ্বকাপের দুঃখ ‘ভুলিয়ে’ দিয়েছিল আরও বেশি শোক দিয়ে। সেই ব্রাজিল কার্লোস দুঙ্গার হাতে পড়ে আশ্চর্য জাদুমন্ত্রে বদলে গেছে। বিশ্বকাপের পর এই প্রথম নিজেদের মাঠে খেলল সেলেসাওরা। কাল নেইমারকে ছাড়াই মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে বুঝিয়ে দিল, কোপা আমেরিকার জন্য প্রস্তুত তারাও।
দুটো গোলই এসেছে প্রথমার্ধে। ২৮ মিনিটে দলকে প্রথম এগিয়ে দেন কৌতিনহো। লিভারপুলের ২২ বছর বয়সী তরুণ উইঙ্গার জাতীয় দলের হয়ে তাঁর প্রথম গোলটি করলেন। ৩৭ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ডিয়েগো তারদেল্লি। গত অক্টোবরে আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোল করে নজর কেড়েছিলেন এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও হাসি মুখেই মাঠ ছাড়েন দুঙ্গা। বিশ্বকাপে তাঁর দায়িত্ব নেওয়ার পর এটি ব্রাজিলের টানা নবম জয়।
নিন্দুকেরা বলেন, দুঙ্গা কোচ হিসেবে রক্ষণাত্মক, নিজে ডিফেন্সিভ মিডফিল্ডার ছিলেন বলে। প্রথম মেয়াদে ব্যর্থ হওয়ার পর তো ব্রাজিলের ফুটবলের সৌন্দর্য ‘খুন’ করার অভিযোগও আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। আরও একবার তাঁকে কোচ করানোর পর শোরগোল উঠেছিল। কিন্তু স্কলারির অধীনে বিশ্বকাপে ৭ ম্যাচে ১৪ গোল খাওয়া ব্রাজিল দুঙ্গার দ্বিতীয় মেয়াদে নয় ম্যাচে গোল খেয়েছে মাত্র দুটি। এ সময় ২০ গোলও করেছে তারা। দুঙ্গা মনে করিয়ে দিয়েছেন, আক্রমণ আর রক্ষণ—দুটোর ভারসাম্যই দলকে এনে দেয় সাফল্য।
কোপার আগে ব্রাজিল দলে ইনজুরির কোপ পড়েছে। অস্কার, লুইজ গুস্তাভোরা ছিটকে গেছেন। কিন্তু তার পরও দুঙ্গা মধুর সমস্যায় পড়েছেন একাদশ নির্বাচন নিয়ে। ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘আমাদের জন্য ম্যাচটা খুবই ফলপ্রসূ হলো। নিয়মিত খেলোয়াড়দের অনুপস্থিতিতে যারা সুযোগ পেয়েছে, সেই সুযোগটা তারা খুব ভালোভাবে কাজে লাগিয়েছে। এতে আমার কাজটা কঠিন হয়ে গেল। ব্যক্তিগত নৈপুণ্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ব্যক্তিগত নৈপুণ্যের সমষ্টিতেই একটা দল ভালো হয়ে ওঠে।’
দলে সবাই একাদশে জায়গা পেতে মরিয়া। দুঙ্গা যেটিকে খুবই ইতিবাচক দিক দিয়ে দেখছেন, ‘প্রতিদ্বন্দ্বিতা ব্যাপারটা ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ সবচেয়ে বড় কথা, বিশ্বকাপের হতাশা মুছে ফেলতে এই দলকে দৃঢ় প্রতিজ্ঞ মনে হচ্ছে। দুঙ্গা বলেছেন, ‘দলটা দারুণ উজ্জীবিত। অনুশীলনে ওরা কী যে খাটুনিটাই খাটছে! সমর্থকদের মন জয় করতে আমাদের জিততেই হবে। সমর্থকদের জন্য খেলোয়াড়েরা নিজেদের উজাড় করে দিতে চায়।’
১১ জুন শুরু হচ্ছে কোপা আমেরিকা। ব্রাজিলের প্রথম ম্যাচ ১৪ জুন পেরুর বিপক্ষে। এর আগে বুধবার হন্ডুরাসের বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।