ব্রাজিলের দুশ্চিন্তা যখন চীনের ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবিনহোর মতো এক সময়ের সেরা তারকাদের পথ ধরে উঠতি তারকারাও ভিড়ছে চীনের ​ফুটবলে।
রবিনহোর মতো এক সময়ের সেরা তারকাদের পথ ধরে উঠতি তারকারাও ভিড়ছে চীনের ​ফুটবলে।

পাঁচ বছর বিরতির পর গত অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিল দলে ডাক পেয়েছিলেন রেনাতো অগুস্তো। পুরো ক্যারিয়ারটাই কেটেছে চোটের সঙ্গে লড়াই করে। মনে করা হচ্ছিল, ২৭ বছর বয়সে এসে অবশেষে এই করিন্থিয়ানস মিডফিল্ডারের ক্যারিয়ার শুরু হচ্ছে। ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গার কৌশলে তাঁর খেলার ধরনও বেশ ভালোই মিলে যাচ্ছিল বলে সেলেকাও দলে তাঁর জায়গা নিয়ে সংশয়ও ছিল কম।

কিন্তু আর কখনো অগুস্তোকে ব্রাজিল জার্সিতে দেখা না-ও যেতে পারে।
সংশয়ে ফেলে দিলেন অগুস্তো নিজেই। যে দলবদল খেলোয়াড়েরা ক্যারিয়ারের শেষ দিকে এসে করে, সেটি তিনি করলেন মধ্যগগনে থাকা অবস্থায়। এই মাসেই করিন্থিয়ানস ছেড়ে পাড়ি জমালেন চাইনিজ ক্লাব বেইজিং গুয়ানে! আর চীনের লিগে খেলে ব্রাজিলের মতো বিশ্বসেরা দলে খেলার স্বপ্ন বাড়াবাড়িই।
২০০৮ থেকে ২০১২—এই চার বছর জার্মানির বেয়ার লেভারকুসেনে খেলা মিডফিল্ডারকে আবারও জার্মানির কয়েকটি ক্লাব দলে নিতে চাইছিল। জার্মানিতে গেলে ব্রাজিল দলে জায়গা ধরে রাখাও অগুস্তোর জন্য সহজ হতো। কিন্তু ক্যারিয়ারের ভবিষ্যতের চেয়ে ক্যারিয়ার পরবর্তী ভবিষ্যতের কথাই ভাবলেন অগুস্তো। এত চোটের মধ্য দিয়ে গিয়েছেন, হয়তো একটি চোটই তাঁর ক্যারিয়ার শেষ করে দিতে পারে। তাই জাতীয় দল নয়, অর্থকেই বড় করে দেখলেন। ভবিষ্যতের সুরক্ষা!
চীনের ক্লাবটির লোভনীয় প্রস্তাবে তাই সাড়া দিয়ে অগুস্তো বলেছেন, ‘জার্মানি থেকে ভালো প্রস্তাব এসেছিল। করিন্থিয়ানসে আমি যা পাই, তার চেয়ে তিন গুণ। কিন্তু এরপর এই প্রস্তাবটা এল, এটাকে না বলার সাধ্য ছিল না।’
রামিরেজের বিষয়টি ভিন্ন। চেলসিতে খেলছিলেন, সুযোগ যদিও সব সময় পাচ্ছিলেন না। ব্রাজিল দলেও সেভাবে সুযোগ মিলত না। ২৮ বছর বয়সী মিডফিল্ডারও তাই অর্থের খোঁজে চলে গেলেন চীনে। প্রায় ২৫ মিলিয়ন পাউন্ডে চেলসি থেকে শিয়াংসু সুনিংয়ে যোগ দিয়েছেন এই সপ্তাহে। শুধু অগুস্তো-রামিরেজই নয়, ব্রাজিলিয়ান আরও অনেক খেলোয়াড়কে ইদানীং দেখা যাচ্ছে বেইজিং বিমানবন্দরে। চীনা ক্লাবগুলো ব্রাজিলের খেলোয়াড়দের ‘অফার দে ক্যান্ট রিফিউজ’-এর প্রস্তাব দিচ্ছে। রামিরেজরা সেটি লুফেও নিচ্ছেন।
আর এতেই সংশয়ে পড়ে যাচ্ছে ব্রাজিল জাতীয় দলের ভবিষ্যৎ​। এই বিশ্বকাপ বাছাইপর্বেই চারজন করিন্থিয়ানস খেলোয়াড়কে দলে নিয়েছিলেন দুঙ্গা, এর মধ্যে সবচেয়ে প্রতিশ্রুতিশীল দুজন অগুস্তো ও গিল চীনে চলে গেছেন। বাকি দুজনও ‘যাচ্ছি, যাচ্ছি’ করছেন। এই জানুয়ারি দলবদলে ব্রাজিলের সবচেয়ে দামি ১০ খেলোয়াড়ের মধ্যে ৬ জনেরই ঠিকানা হয়েছে চীনে! চাইনিজ সুপার লিগে ৫২ বিদেশি খেলোয়াড়ের ১৮ জনই ব্রাজিলের। অগুস্তো, রামিরেজ কদিন আগে গেলেন। এর আগে পাউলিনহো, রবিনহোও গেছেন। স্কলারি-মানেজেসের মতো কোচেরাও এখন এখানে। তাঁরাই নিয়ে যাচ্ছেন ব্রাজিলের প্রতিভাবান খেলোয়াড়দের।
অর্থই সবচেয়ে বড় প্রভাবক। ব্রাজিল আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, ক্লাবগুলোও দেনার দায়ে ডুবছে। এ থেকে বাঁচতে তারা চীনের ক্লাবগুলোর মিলিয়ন ডলারের প্রস্তাব লুফে নিচ্ছে। গত কয়েক মৌসুম ধরেই চীনের নব্য ধনী ক্লাবগুলো দেদার খরচ করে যাচ্ছে খেলোয়াড়ের পেছনে। আর তাদের বিশেষ পছন্দ ঋণগ্রস্ত ব্রাজিলের ক্লাবগুলোই।
ভয়টা আরেক জায়গায়। ব্রাজিলের উঠতি প্রতিভা, দুই-তিন বছর ঘরোয়া ফুটবলে ঘাম ঝরালে হয়তো ইউরোপের বড় কোনো ক্লাবে ঠিকানা হবে—তারাও এখন চীনা লিগে খেলার জন্য প্রলুব্ধ হতে পারে। বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে!
এটাই ব্রাজিল জাতীয় দলের জন্য ভয়ের খবর। যতই টাকা ঢালুক, চীনের ফুটবল তো আর রাতারাতি ইউরোপের পর্যায়ে চলে যাবে না। এখানে খেলা কোনো খেলোয়াড় ব্রাজিল জাতীয় দলের জন্য বিবেচনা করা করাই স্বাভাবিক। দুঙ্গার হাতে তাই বিকল্পের সংখ্যা কমছে। যদিও ব্রাজিল কোচ বলেছিলেন, লিগ নয়, বরং খেলোয়াড়ের খেলার মান বিবেচনা করে জাতীয় দলে ডাকবেন তিনি। তবু গত বছর চীনে খেলতে আসা রিকার্ডো গৌলার্ট, ডিয়েগো তারদেল্লি বা আরব আমিরাতে যাওয়া এভারটন রিবেইরোদের উদাহরণ খুব একটা আশা জাগাচ্ছে না রামিরেজদের নিয়ে। এক সময়ে দুঙ্গার পছন্দের তারদেল্লি-গৌলার্টরা এখন আর জাতীয় দলের বিবেচনাতেই নেই।
এভাবে ব্রাজিল ছেড়ে চীনে আসা মধ্য বিশের খেলোয়াড়দের বহর দিনে দিনে বড় হচ্ছে। আরও বড় হবে। বড় হবে ব্রাজিলের দুশ্চিন্তাও!