ব্রাজিলের নতুন কোচ হচ্ছেন কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের কোচের দৌড়ে এগিয়ে আছেন টিটে এবং কুকা
ব্রাজিলের কোচের দৌড়ে এগিয়ে আছেন টিটে এবং কুকা

দুঙ্গা-অভিজ্ঞতা এতটাই তিক্ত, ব্রাজিল সমর্থকেরা যেন এখন হাঁপ ছেড়ে বাঁচলেন। কোচের পদ থেকে দুঙ্গাকে ছাঁটাই করার ‘সুখবর’টা দিয়েছে ব্রাজিল ফুটবল সংস্থা (সিবিএফ)। তবে এখনো নতুন কোচের নাম ঘোষণা করেনি। সিবিএফ বেশি সময় নেবে না। দ্রুতই তাদের রিও অলিম্পিকের জন্য দল ঘোষণা করতে হবে। নতুন কোচ নির্বাচনের কাজ ব্রাজিল অনেকটা গুছিয়েও এনেছে বলে খবর। আনুষ্ঠানিক ঘোষণা কেবল বাকি।

ব্রাজিলের নতুন কোচ কে হচ্ছেন? এ নিয়ে ফুটবলপ্রেমীদের মনে কৌতূহলের কমতি নেই। সম্ভাব্য কোচের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন করিন্থিয়ানসের কোচ টিটে। করিন্থিয়ানসকে তিনি সবকিছুই জিতিয়েছেন। ক্লাব ইতিহাসের প্রথম কোপা লিবার্তাদোরেসের পর ২০১২ সালে চেলসিকে হারিয়ে জিতিয়েছেন ক্লাব বিশ্বকাপও।


এই সাফল্যের পর আর ক্লাবে থাকতে চাননি। সর্বোচ্চ চূড়া যে ছোঁয়া হয়ে গেছে তাঁর। কিন্তু আবারও দলের দুঃসময়ে ফিরে আসেন। গত বছর করিন্থিয়ানসের দায়িত্ব নিয়ে জেতান লিগ শিরোপা। ৫৫ বছর বয়সী এই কোচ ড্রেসিংরুমে কড়া নিয়মকানুনের জন্য সুখ্যাত। ব্রাজিল দলে এটাই এখন সবচেয়ে বেশি জরুরি।

তবে দুঙ্গার মতো তিনিও অনেকটা রক্ষণাত্মক কৌশলের। চার বছর আগে ‘দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নস লিগ’ লিবার্তাদোরেস জিতিয়েছিলেন যে ফরম্যাটে সেটি সংবাদমাধ্যমে ৪-৬-০ নামে বিখ্যাত হয়ে যায়। অবশ্য ২০১৩ সাল থেকে দুই বছর ছুটিতে থাকার সময় কেবল ইউরোপে ঘুরেছেন। এ সময় ইউরোপীয় ফুটবল তাঁর কৌশলগত দর্শনে পরিবর্তন এনেছে। টিটে এখন অনেক বেশি আক্রমণাত্মক। ব্রাজিলের জন্য তিনিই সবচেয়ে যোগ্য।
তবে সবকিছু দুইয়ে দুইয়ে না মিললে টিটে কোচ হবেন না। চুক্তির শর্ত, বেতন এসবও তো আছে। সে ক্ষেত্রে ব্রাজিলের দ্বিতীয় পছন্দ কুকা।

অনেকেরই মনে আছে, প্রায় টুঁটাফুটা একটা দল নিয়ে, অচল রোনালদিনহোর নেতৃত্ব অ্যাটলেটিকো মিনেইরোকে লিবার্তাদোরেস জিতিয়েছিলেন এই কোচ। কোচ হিসেবে অনেক অভিজ্ঞও তিনি। ১৯৯৮ সাল থেকে এই কাজের সঙ্গে যুক্ত। অনেক বেশি আক্রমণাত্মক মানসিকতার। সৃষ্টিশীল ভাবনার জন্য সুখ্যাত। তবে কুকা কোনো দলেই সাধারণত এক বছরের বেশি থাকেন না। এই অস্থিরতা আর এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে লিগ জিততে না পারা পিছিয়ে রাখছে তাঁকে। তবে ক্লাব ফুটবলে স্বল্প অভিজ্ঞতা নিয়ে দুঙ্গা যদি দু–দুবার জাতীয় দলের কোচ হয়ে যেতে পারেন, কুকা কেন নয়?

কোচের দৌড়ে আরও আছেন দুঙ্গার ১৯৯৪ বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় জর্জিনহো। আছেন আবেল ব্রাগা। তবে টিটেই সবচেয়ে এগিয়ে।