ব্রাজিলের প্রতিপক্ষ হন্ডুরাস, জার্মানির নাইজেরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর্তুগালকে পাত্তাই দিল না জার্মানি। ছবি: এএফপি
পর্তুগালকে পাত্তাই দিল না জার্মানি। ছবি: এএফপি

ব্রাজিলীয়দের মতোই জার্মানদের প্রতীক্ষার কাল কি তবে শেষ হচ্ছে? ১৯৭৬ সালের মন্ট্রিল অলিম্পিকের ফুটবলে সোনা জিতেছিল সাবেক পূর্ব জার্মানি। এর আগে ও পরে অলিম্পিক ফুটবলে কখনোই সোনার মুখ দেখেনি জার্মানরা। ১৯৬৪ সালে টোকিও আর ১৯৮৮ সালে সিউল অলিম্পিকে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। ফুটবলে চারবারের বিশ্বজয়ী জার্মানি কি এবার পারবে একীভূত হওয়ার পর প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলের সোনা ঘরে তুলতে? এই প্রশ্নের উত্তর জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হলেও জার্মান অলিম্পিক ফুটবল দল কিন্তু সোনার অনেকটা কাছাকাছিই পৌঁছে গেছে। কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে জার্মানরা চলে গেছে শেষ চারের লড়াইয়ে।

ডেনমার্কের বিপক্ষে জয়ের পর নাইজেরিয়ান ফুটবলাররা। ছবি: রয়টার্স।
ডেনমার্কের বিপক্ষে জয়ের পর নাইজেরিয়ান ফুটবলাররা। ছবি: রয়টার্স।

ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই প্রাধান্য ছিল জার্মানির। তবে গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে হারানো পর্তুগাল জার্মানিকে ঠেকিয়ে রেখেছিল প্রথমার্ধের শেষ দিক পর্যন্ত। বিরতির ঠিক আগ দিয়েই সার্জ জিনাব্রির কোনাকুনি শটে এগিয়ে যায় জার্মানি। ৫৭ মিনিটে দারুণ এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাথিয়াস জিন্টার। ৭৫ মিনিটে স্কোর লাইন ৩-০ করেন ডেভি সালকে। ফিলিপ ম্যাক্সের চতুর্থ গোলটি ছিল চমৎকার। একটি সংঘবদ্ধ আক্রমণ থেকে ম্যাক্সের তুলির শেষ আঁচড়টা ছিল দেখার মতোই।
এদিকে রিও অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে শেষ চারে পৌঁছেছে ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিক ফুটবলে সোনাজয়ী নাইজেরিয়া। খেলার দুই অর্ধে দুটো করে গোল করেন জন ওবি মিকেল ও আমিনু উমার।

প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলে পদকের লড়াইয়ে হন্ডুরাস। ছবি: রয়টার্স।
প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলে পদকের লড়াইয়ে হন্ডুরাস। ছবি: রয়টার্স।

অপর কোয়ার্টার ফাইনালে নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে দক্ষিণ কোরিয়া। হন্ডুরাসের বিপক্ষে প্রাধান্য বিস্তার করে খেলেও গোল করতে না পারার খেসারত দিতে হলো তাদের। হন্ডুরাসের পোস্টে ১৬টি শট নিয়েও গোল করতে পারেনি লন্ডন অলিম্পিকের ব্রোঞ্জধারীরা। উল্টো ৫৯ মিনিটে খেলার ধারার বিপরীতে গোল খেয়ে বসে তারা। হন্ডুরাসের রোমেল কুইওটো দ্রুতগতিতে কোরিয়ান সীমানায় পৌঁছে আলবার্ত এলিসকে যে পাসটি বাড়ান, তা ঠান্ডা মাথায় কাজে লাগান তিনি। বাকি সময়টাতেও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরিই কোরিয়ার হাতে থাকলেও গোল শোধ করতে পারেনি তারা।
আগামী বুধবার অনুষ্ঠেয় সেমিফাইনালে রিও ডি জেনিরোতে মুখোমুখি হবে ব্রাজিল ও হন্ডুরাস। সাও পাওলোতে জার্মানির প্রতিপক্ষ নাইজেরিয়া। সূত্র: রয়টার্স।