ব্রাজিলের ফুটবল পথ হারিয়েছে, মনে করেন পেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের ফুটবল নিয়ে আশাবাদী নন পেলে। ফাইল ছবি।
ব্রাজিলের ফুটবল নিয়ে আশাবাদী নন পেলে। ফাইল ছবি।

এখনো ওই ম্যাচটা পেলের হৃদয় খুঁড়ে বেদনা জাগায়। নিজেদের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলে হারার স্মৃতিটা আরও হয়তো অনেক দিনই জাগাবে। এরপর আরও দুই বছর কেটে গেছে, তবে ব্রাজিলের ফুটবল নিয়ে এখনো আশার গান শোনাতে পারছেন না পেলে। সে জন্য নতুন কোচ দুঙ্গার ওপরেই দোষ চাপিয়েছেন।

বিশ্বকাপ সেমিফাইনালে ওই হারটা ব্রাজিলকে আরও অনেক দিনই তাড়া করে বেড়াবে। পেলের বেদনা অবশ্য শুধু স্কোরলাইনের জন্য নয়, অন্য জায়গায়, ‘এটা নিয়ে কথা বলতেই আমি দুঃখ পাই। ওই ম্যাচটা দেখার সময় আমি কেঁদেছিলাম। সেটা শুধু স্কোর লাইনের জন্য নয়। আমি কেঁদেছি, কারণ ব্রাজিলিয়ান ফুটবলকে ওই দিন খুঁজে পাওয়া যায়নি।’

সামনেই ব্রাজিলের আরও বড় দুইটি পরীক্ষা। কোপা আমেরিকার শততম বছর উপলক্ষে বিশেষ আয়োজন তো আছেই, এরপর আবার এখনো অধরা অলিম্পিক অভিযান। পেলে অবশ্য খুব একটা আশা দেখছেন না, ‘হয়তো এবারের অলিম্পিক বা কোপা আমেরিকায় আমরা আবার ব্রাজিলিয়ান ফুটবল দেখতে পার, কিন্তু কাজটা সহজ হবে না, আমার ভয় হচ্ছে আমরা পথ হারিয়ে ফেলেছি।’

ব্রাজিলের খেলায় ওই ঝলকটাই এখন খুঁজে পাচ্ছেন না পেলে, ‘আমাদের খেলায় কোনো ঝলক নেই। এখন আর্জেন্টিনা, চিলি বা ইকুয়েডরের মতো অন্য দক্ষিণ আমেরিকান দলগুলোও আমাদের চেয়ে ভালো খেলে। আর গত দুইটি কোপা আমেরিকায় কী হয়েছে সেটা তো সবাই জানে। আমরা প্যারাগুয়ের কাছে পেনাল্টিতে হেরেছি।’


সত্তরের সেই কিংবদন্তি ব্রাজিলের স্মৃতিও টেনে আনলেন, ‘আমি, গারসন, টোস্টাও, রিভেলিনো সবাই ১০ নম্বর খেলোয়াড় ছিলাম। কিন্তু মারিও জাগালো এমন একটা ফরমেশনে খেলিয়েছিলেন, যেন আমাদের সবাইকে একসঙ্গে খেলানো যায়। ২০০২ সালে রিভালদো, রোনালদিনহো ও রোনালদোর যেমন আলাদা একটা ঝলক ছিল।’

সেই ঝলক নষ্ট করে দেওয়ার জন্য দুঙ্গাকেই কাঠগড়ায় তুলেছেন, ‘আমাদের কোচ এখন ব্যক্তিগত দক্ষতা নিয়ে মাথা ঘামান না। নেইমার কাজটা একা করতে পারবে না। গত বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির সঙ্গে সে ছিল না, তখনই সেটা দেখা গেছে।’

এবারের কোপা আমেরিকায়ও থাকছেন না নেইমার, এবার ব্রাজিল কী করবে?