ব্রাজিলের বিপক্ষে নেই তেভেজও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোট কেড়ে নিয়েছে তেভেজকেও। ছবি: রয়টার্স।
চোট কেড়ে নিয়েছে তেভেজকেও। ছবি: রয়টার্স।

চোট-সমস্যা যেন পিছুই ছাড়ছে না আর্জেন্টিনার। লিওনেল মেসি নেই। সার্জিও আগুয়েরোও নেই। এবার নতুন দুঃসংবাদ, কার্লোস তেভেজও থাকছেন না। হাঁটুর চোটের কারণে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দুটিতে খেলছেন না বোকা জুনিয়র্স ফরোয়ার্ড।

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন কাল এক বিবৃতিতে জানিয়েছে, ‘জাতীয় দল থেকে আরও একজন ঝরে যাচ্ছেন — কার্লোস তেভেজ। পায়ের পেশির জড়তা ও বাঁ হাঁটু​​র চোটের কারণে বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী দুটি ম্যাচে খেলতে পারছেন না তিনি।’

ম্যাচটি খেলতে না পারলেও সোম ও মঙ্গলবার দুই দিনই জাতীয় দলের অনুশীলন ভেন্যু হুলিও হামবার্তো গ্রন্দোনা কমপ্লেক্সে এসেছিলেন তেভেজ। তবে অনুশীলন করেননি তিনি। চোটের পুনর্বাসনের জন্য নিজের ক্লাব বোকাতে ফিরে গেছেন ৩১ বছর বয়সী এই স্ট্রাইকার।

তেভেজের চোট জেরার্ডো মার্টিনোর কপালে আরও একটি নতুন ভাঁজ যোগ করল। এমনিতেই বাছাইপর্বের প্রথম দুটি ম্যাচে এসেছে মাত্র ১ পয়েন্ট। জয় তো দূরে থাক, কোনো গোলই করতে পারেনি আলবিসেলেস্তেরা। মেসি-আগুয়েরো না থাকায় সাবেক জুভেন্টাস ফরোয়ার্ডের বুটেই হয়তো গোল দেখছিলেন আর্জেন্টিনা কোচ। তা আর হচ্ছে না।

মেসি-আগুয়েরো-তেভেজ ত্রয়ীর না থাকাটা কোচের জন্য দুশ্চিন্তার, সন্দেহ নেই। তবে মার্টিনোর হাতে বিকল্প কিন্তু আছে। পিএসজি উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়া তো আছেনই। তাঁকে সঙ্গ দিতে থাকছেন নাপোলি স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন। বিশ্বকাপ ও কোপা আমেরিকার ফাইনালে দলকে হতাশ করা এই স্ট্রাইকার অবশ্য এ মৌসুমে বেশ ভালো ফর্মে আছেন। ইতালিয়ান ক্লাবটির হয়ে এরই মধ্যে ১৫ ম্যাচে করেছেন ১১ গোল। এই দুটি ম্যাচ তাই হিগুয়েইনেরও নিজেকে নতুন করে প্রমাণ করার মিশন।

হিগুয়েইন ব্যর্থ হলেও চিন্তা নেই, এজেকিয়েল লাভেজ্জি কিংবা তরুণ পাউলো ডাইবালারাও সুযোগ পাবেন নিজেদের যোগ্যতা প্রমাণের। তথ্যসূত্র: ইএসপিএন।