ব্রাজিলের বিশ্বকাপ-দুশ্চিন্তার নামও এখন নেইমার!

• অস্ত্রোপচার করা হবে নেইমারের পায়ে, সুস্থ হয়ে উঠতে ন্যূনতম দুই মাস
• বেশির ভাগ ক্ষেত্রেই পুরো ফিট হয়ে ছন্দে ফিরতে তিন মাস লাগে
• ফ্রান্সে অথবা ব্রাজিলে অস্ত্রোপচার করাবেন নেইমার
ডান পায়ের পাতার হাড় ভেঙেছে। গোড়ালিও ক্ষতিগ্রস্ত হয়েছে বাজেভাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, ৬ মার্চ চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচটা নেইমার হয়তো খেলতে পারবেন না। এই ‘হয়তো’ সম্ভাবনাটুকুও নাকচ করে দিল ‘গ্লোবো স্পোর্ত’।
ব্রাজিলিয়ান এ সংবাদমাধ্যম জানিয়েছে, মে মাসের আগে নেইমারের সুস্থ হয়ে ওঠার কোনো সম্ভাবনা নেই। অস্ত্রোপচার করা হবে তাঁর পায়ে। এসব ক্ষেত্রে সুস্থ হয়ে উঠতে ন্যূনতম দুই মাস সময় লাগে। বেশির ভাগ ক্ষেত্রে তা তিন মাস লেগে যায়। শঙ্কার কথা হলো, অস্ত্রোপচারের পর নেইমার এই প্রত্যাশিত সময়ের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠলেও সেরা নেইমারকে কি পাবে ব্রাজিল? দীর্ঘদিন মাঠের বাইরে থাকলে ছন্দে ফিরতে সময় তো লাগেই।
গত ম্যাচে ফ্রেঞ্চ লিগ ওয়ানে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে পায়ে চোট পান নেইমার। তাঁর পায়ের পাতার পঞ্চম ‘মেটাটারসাল’ হাড় ভেঙেছে। গোড়ালিতেও আঘাত লেগেছে। ব্রাজিলের শীর্ষ ক্রীড়া দৈনিক ‘গ্লোবো স্পোর্ত’ জানিয়েছে, অস্ত্রোপচার কবে কোথায় অনুষ্ঠিত হবে, সে ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, ব্রাজিল কিংবা ফ্রান্সে নেইমারের এই অস্ত্রোপচার হতে পারে। চিকিৎসকেরা ধাতব প্লেট ঝালাই করে সংযুক্ত করবেন তাঁর মেটাটারসাল হাড়ের সঙ্গে।
স্প্যানিশ সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, বিশ্বকাপে খেলতেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন নেইমার। হাড় জোড়া লাগিয়ে কিছুদিন বিশ্রাম নেওয়ার পর ব্যথার ট্যাবলেট খেয়ে হয়তো মাঠে নামতে পারতেন। কিন্তু তাতে ঝুঁকি থেকে যেত। নেইমারে তাঁর এ চোটের ভয়াবহতা অনুধাবন করেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন। তবে অস্ত্রোপচারের পর তাঁর বিশ্রামটা সেভাবে হতে হবে। নইলে বিশ্বকাপে খেলার ঝুঁকি থেকে যাবে। ১৪ জুন রাশিয়ায় শুরু হবে বিশ্বকাপ।
বিশ্বকাপ শুরুর আগে মার্চের শেষ নাগাদ রাশিয়া ও জার্মানির বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। বিশ্বকাপে ব্রাজিল প্রথম ম্যাচ খেলবে ১৭ জুন সুইডেনের বিপক্ষে। নেইমারের সামনে এখন এ সময়ের আগেই ফিট হয়ে ওঠার পরীক্ষা।
গত বিশ্বকাপে নেইমার-শূন্যতায় ভুগে সেমিফাইনালে এলোমেলো হয়ে গিয়েছিল ব্রাজিল। ঘরের মাঠে বিশ্বকাপের শেষটা হয়েছিল বিভীষিকাময়। এবার আশার কথা, নেইমার যথেষ্ট সময় পাবেন বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করতে।