ব্রাজিলের সমর্থন পেলেন জিকো
মিশেল প্লাতিনি ফিফা সভাপতি নির্বাচনে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন দুই দিন আগেই। প্রাক-নির্বাচন অনেকেই এগিয়ে রাখছেন উয়েফা সভাপতিকে। কিন্তু প্লাতিনির প্রতিদ্বন্দ্বীদের মধ্যে কার সম্ভাবনা সবচেয়ে বেশি? ব্রাজিল কিংবদন্তি জিকোর নামটাও এখন উঠে আসছে। পরশু ব্রাজিল ফেডারেশন যে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েই সাবেক এই ফুটবলারের প্রতি তাদের সমর্থন জানিয়ে দিয়েছে।
সেপ ব্ল্যাটার সভাপতি পদ থেকে নাটকীয়ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পরেই, নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছার কথা জানিয়ে পাদপ্রদীপে এসেছিলেন জিকো। কিন্তু সেটার জন্য পূর্বশর্ত পাঁচটি দেশের ফুটবল ফেডারেশনের সমর্থন। আর সবার আগে নিজ দেশেরটা তো পেতে হবে! পরশু জিকো রিও ডি জেনিরোয় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনে (সিবিএফ) গিয়েছিলেন। এরপরই সিবিএফ সভাপতি মার্কো পোলো ডেল নেরো এক বিবৃতিতে জানালেন, ‘প্রার্থিতায় আমাদের সমর্থন পাবে জিকো। বাকি চারটি দেশের সমর্থন পেলে তার পক্ষে আমরা দাঁড়াব।’
সেই চারটি দেশের সমর্থন পাবেন কি না সেটা সময় হলেই জানা যাবে। আপাতত নিজ দেশের সমর্থনেই আপ্লুত জিকো, ‘ব্রাজিলিয়ান হিসেবে নিজ দেশের সমর্থন পেয়ে শুরু করতে না পারলে তো হয় না! এখন আমি সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা পাচ্ছি।’ তবে জিকোর খুশি হওয়ার আরও একটি খবর দিয়েছেন ডেল নেরো। জানিয়েছেন, দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন সভাপতি হুয়ান আনহেল নাপুতের সঙ্গে জিকোর ব্যাপারে কথা তাঁর কথা হয়েছে। নিজ মহাদেশের সমর্থন পেলে জিকোর আশার পালে আরও জোর হাওয়া লাগবে।
সমীকরণ বদলে যেতে পারে কনক্যাকাফেও। উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল অঞ্চলের ফেডারেশনগুলোর সমর্থন প্লাতিনির দিকে থাকবে বলেই মনে করা হচ্ছিল। কনক্যাকাফের প্রেসিডেন্ট জেফরি ওয়েব দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আগেই। ক্যারিবিয়ান অঞ্চলের প্রেসিডেন্ট গর্ডন ডেরিকের কথা অবশ্য প্লাতিনিকে খুব উৎসাহ দেবে না, ‘এখনো আমরা এসব নিয়ে কথা বলিনি, কেউ কারও কাছে কোনো প্রতিজ্ঞা করেনি। আমার মনে হয় এখনই কিছু বলাটা একটু তড়িঘড়ি হয়ে যাবে। সব প্রার্থীকে দেখার জন্য আমরা অপেক্ষা করছি।’ কনক্যাকাফের ৩৫টি ভোটের মধ্যে ২৫টিই ক্যারিবীয় অঞ্চলে, ডেরিকের কথাটা তাই যথেষ্ট গুরুত্ব বহন করে।
তবে নিজ মহাদেশে প্লাতিনির সমর্থন নিয়ে খুব একটা ভাবনার কিছু নেই বলে মনে হচ্ছে। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের পর কাল জার্মানি ও ইতালিয়ান ফুটবল ফেডারেশনও প্লাতিনির পক্ষে তাদের সমর্থন জানিয়েছে। এএফপি, রয়টার্স।