ব্রাজিলের জয়রথ থামল কলম্বিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১১ ম্যাচ পর ব্রাজিলকে হারের স্বাদ দিল কলম্বিয়া ছবি: এএফপি
১১ ম্যাচ পর ব্রাজিলকে হারের স্বাদ দিল কলম্বিয়া ছবি: এএফপি

হোসে পেকারম্যানের কথাকেই স্পষ্ট হয়ে উঠেছিল বিষয়টা। কোপা আমেরিকায় ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি ঘিরে কলম্বিয়ান দলের মধ্যে যে প্রতিশোধের আগুন জ্বলছিল, ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে হাবে-ভাবে সেটাই বুঝিয়ে দিয়েছেন তিনি। সেলেসাওদের ১-০ গোলে হারিয়ে এক বছর আগে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে হারের প্রতিশোধটা তো নেওয়া হয়েছেই, টানা ১১ ম্যাচ জিতে আকাশে উড়তে থাকা কার্লোস দুঙ্গার দলকে নামিয়ে আনা গেছে মাটিতেও। তবে শোধ-প্রতিশোধের আগুন জ্বলতে থাকা ম্যাচটির শেষটা মোটেও খেলা-সুলভ হয়নি। ধাক্কা-ধাক্কি, মারামারিতে দুই লালকার্ডের কলঙ্কে যবনিকা ঘটা এই ম্যাচে ব্রাজিলের পরাজয় ছাপিয়েও মূর্ত হয়ে ওঠে নেইমারের লাল কার্ড। ব্রাজিলীয় তারকার অহেতুক মাথা গরমের এই পরিণতি হয়তো শেষই করে দিতে বসেছে তাঁর কোপা আমেরিকা-স্বপ্নকে। 

পুরো ম্যাচে নেইমার ভালো খেলেননি। চেইন রিঅ্যাকশন হিসেবে ভালো খেলেনি ব্রাজিলও। শুরুর দিকে কলম্বিয়া কিছুটা রক্ষণাত্মক হয়ে ব্রাজিলীয় আক্রমণ ঠেকানোতে মনোযোগী ছিল। কড়া মার্কিংয়ে নেইমারকে বোতলবন্দী করে ব্রাজিলের আক্রমণ ভোঁতা বানানোর যে কৌশল পেকারম্যান নিয়েছিলেন, তার সার্থক প্রয়োগ ঘটিয়েই খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় কলম্বিয়া। খেলার ৩৬ মিনিটে জেসন মুরিইরোর গোলে এগিয়ে যায় কলম্বিয়া। রক্ষণের অমার্জনীয় ভুলে হজম করা এই গোল শেষ অবধি আর শোধ করে উঠতে পারেনি আটবারের কোপা চ্যাম্পিয়নরা।
অথচ, প্রথমার্ধ শেষ হওয়ার আগেই গোলটি শোধ করার সুযোগ পেয়েছিল। নির্দিষ্ট করে বললে সুযোগটা পেয়েছিলেন নেইমার। দানি আলভেজের ক্রসে নেইমারের হেড অসাধারণ দক্ষতার সঙ্গে ফিরিয়ে দেন কলম্বিয়ার গোলরক্ষক অসপিনা। দ্বিতীয়ার্ধে ফিরমিনো অরক্ষিত পোস্টে যে সুযোগটি হাতছাড়া করেন, সেটা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন।
কলম্বিয়াও বেশ কয়েকবার গোলের ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। ম্যাচের ৪৩ মিনিটের সময় কুয়েদরাদোর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের একেবারে শেষ দিকে হামেস রদ্রিগেজের এক কোনাকুনি শট অল্পের জন্য ব্রাজিলের গোলের বাইরে দিয়ে চলে যায়। ম্যাচের শুরুর দিকে (১৭ কম মিনিটে) ওই রদ্রিগেজের একটি বিপদজনক ক্রস বিপদমুক্ত করেন ব্রাজিলীয় ডিফেন্ডার মিরান্দা। ৩১ মিনিটে কার্লোস সানচেজের দূরপাল্লার শটও শরীরে লাগিয়ে বাঁচান মিরান্দা।
ম্যাচের প্রথমার্ধেই বল হাত দিয়ে ধরায় হলুদ কার্ড পেয়েছিলেন নেইমার। ব্যাপারটা ইচ্ছাকৃত ছিল কিনা তা নিয়ে বিতর্ক হতে পারে। কিন্তু ম্যাচের শেষ বাঁশি বাজার পর রেফারি নেইমারকে লালকার্ড না দেখিয়ে পারেননি। শেষ বাঁশি বাজার পরেও বলে কিক নিলে তা গিয়ে লাগে কলম্বিয়ার এক খেলোয়াড়ের গায়ে। উত্তেজিত কলম্বিয়ান খেলোয়াড়দের সঙ্গে এসময় বিবাদে জড়িয়ে পড়েন নেইমারসহ ব্রাজিলীয় খেলোয়াড়েরা। এসময় নেইমারকে লালকার্ড দেখান রেফারি। সঙ্গে অবশ্য লাল কার্ড দেখেন কলম্বিয়ার কার্লোস বাক্কাও। অহেতুক বিবাদে জড়িয়ে লালকার্ড দেখায় ঝুঁকির মুখে পড়েছে তাঁর কোপা-স্বপ্নই। খেলার বাইরে সংঘর্ষে জড়িয়ে লালকার্ড দেখায় তাঁর শাস্তি হতে পারে বেশ বড়সড়ই। সূত্র: রয়টার্স।