
অন্যলোকে বসে ম্যাচটা দেখেছেন কার্লোস আলবার্তো? তাহলে উত্তরসূরিদের পারফরম্যান্সে মুগ্ধই হয়েছেন ১৯৭০ বিশ্বকাপজয়ী ব্রাজিল অধিনায়ক।
ম্যাচটার শুরুতে তিনি ছিলেন। রেফারির বাঁশির আগে গত ২৫ অক্টোবর পরলোকে পাড়ি জমানো আলবার্তোর স্মরণে এক মিনিট নীরবতা পালন করে ব্রাজিল ও আর্জেন্টিনা দল। আলবার্তো থাকলেন ম্যাচের ৯০ মিনিটজুড়ে, ব্রাজিল ফুটবলারদের বাহুবন্ধনীতে যেমন, তাঁদের পায়ের ছন্দেও। কাল মিনেইরাওতে যেন আলবার্তোর সময়ের ব্রাজিলের ফুটবলেরই প্রদর্শনী রাখলেন নেইমার-কুতিনহোরা।
স্কোরলাইন বলবে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটা ৩-০ গোলে জিতেছে ব্রাজিল। তবে জয়ের ব্যবধান ছাপিয়েও বড় হয়ে ওঠে লিওনেল মেসির আর্জেন্টিনাকে ব্রাজিল পুরো ম্যাচে যেভাবে অসহায় করে রাখে সেটি। ব্রাজিল খেলেছে ‘ওলে ফুটবল’—গতি, ছন্দ, চাতুর্য...কী ছিল না তাতে! যেটির সামনে পুরোটা ম্যাচে হাঁসফাঁস করে গেছে দিশেহারা আর্জেন্টিনা।
ম্যাচটা নেইমারদের জন্য ছিল ‘মিনেইরাওয়ের ভূত’ তাড়ানোরও মিশন। দুই বছর আগে ঘরের মাঠের বিশ্বকাপে সেমিফাইনালে এই মাঠেই জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল। তারপর এই প্রথম মিনেইরাওয়ে আসা। না হোক গুরুত্বের বিচারে একই রকম ম্যাচ, কিন্তু এত দিন ধরে বোঝা হয়ে থাকা ভূতটাকে ঠিকই তাড়াল সেলেসাওরা।

তা ভূত তাড়ানোর ওঝাটা কে? নেইমার। পুরো দলই দুর্দান্ত খেলেছে, তবে তিতের এই ব্রাজিলের ‘বাহুবন্ধনীহীন নেতা’ নেইমার ছিলেন বিস্ময়কর। ম্যাচের আগের ‘মেসি বনাম নেইমার’ লড়াইটাতেও অনুজ্জ্বল বার্সেলোনা সতীর্থকে হারিয়ে দিলেন বড় ব্যবধানে। পুরো ম্যাচে আলো ছড়ানো ফিলিপে কুতিনহোর বক্সের বাইরে থেকে ‘ট্রেডমার্ক’ শটে ২৫ মিনিটে ব্রাজিলের এগিয়ে যাওয়া, সেই গোলে সহায়তা করেছেন নেইমার। দ্বিতীয়ার্ধে পাওলিনহোর গোলের আগে আর্জেন্টিনাকে বড় আঘাতটাও দিয়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড—বিরতির ঠিক আগে গ্যাব্রিয়েল জেসুসের সঙ্গে ওয়ান-টুর পর বক্সে দুর্দান্ত ফিনিশিং। একটা মাইলফলকও পেরিয়ে গেছেন, এটি ব্রাজিলের জার্সিতে তাঁর ৫০তম গোল! মাত্র ২৪ বছর বয়সে, ৭৪ ম্যাচে! এই নেইমার কোথায় গিয়ে থামবেন?
সম্পূর্ণ ভিন্ন সুরে আর্জেন্টিনাকে নিয়েও প্রশ্ন করা যায়, কোথায় যাবে তারা? আর্জেন্টাইন ক্রীড়া দৈনিক ওলের শিরোনাম, ‘বিপর্যয়!’ সঙ্গে ছোট্ট করে লিখেছে, ‘রাশিয়ান রুলেট!’ ২০১৮ রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার অংশ নেওয়াই যে এখন রুলেটের মতো ভাগ্যের খেলা হয়ে দাঁড়িয়েছে। ১০ দলের পয়েন্ট তালিকায় বাউজার দল এখন ছয়ে (ব্রাজিল সবার ওপরে)। ঘরের মাঠে হলেও পরের ম্যাচটাও কঠিন—কলম্বিয়ার বিপক্ষে।
তবে বাউজা এখনই হাল ছাড়ছেন না, ‘বাছাইপর্ব শেষ হওয়ার আগে আমাদের এখনো অনেক কাজ করতে হবে। বাছাইপর্ব উতরে যাওয়াটা এখনো আমাদের হাতেই। কলম্বিয়া ম্যাচটি এর চেয়ে ভিন্ন হবে।’ কিন্তু কালকের হারের ব্যাখ্যা? সেটি আবার ব্যাখ্যাতীত, ‘পরাজয়টা মেনে নেওয়া কঠিন। ৩-০ গোলে হারব সেটা ভাবিনি। ভেবেছিলাম এটা সমানে সমান একটা ম্যাচ হবে।’

ব্রাজিল কোচ তিতের ভাবনাটাও ফলেনি, ‘এত বড় জয় আমি আশা করিনি। বাছাইপর্বে সব ম্যাচই কঠিন। তার ওপর এটা আর্জেন্টিনা!’ দায়িত্ব নেওয়ার পর পাঁচ ম্যাচেই দলকে জিতিয়েছেন, নেইমারদের ফুটবলেও তিতে ফিরিয়েছেন সাম্বার ছন্দ। ম্যাচের সময় সমর্থকেরা ‘ওলে, ওলে, তিতে, তিতে’ সুরে তাঁর নামে গানও বেঁধেছে। সব মিলিয়ে খুশিটা চেপে রাখেননি ব্রাজিল কোচ, ‘মিথ্যা বিনয় দেখাব না, আমি অনেক খুশি।’
এমন খুশির দিন সামনে হয়তো আরও অনেক দেখবে ব্রাজিল ফুটবল। ফিফাডটকম, এএফপি।