ব্রাজিলের 'হেক্সা', না সার্বিয়ার প্রথম?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেইমার, আলভেজ, থিয়াগোরা পারেননি। গিলিয়ের্ম-বসশিলিয়ারা পারবেন?
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালের ফল যা-ই হোক, মাঠে নামার আগে অন্তত ব্রাজিলের যুবারাই ফেবারিট। অর্জনের ঝুলিতে তাঁদের পাঁচটি শিরোপা। আজ জিতলেই সর্বোচ্চ ছয়টি শিরোপা জয়ের আর্জেন্টাইন রেকর্ডে ভাগ বসাবে তারা। ছাড়িয়ে যাবে ব্রাজিলের বড়দের। সর্বশেষ ২০০২ সালে পঞ্চম শিরোপা জেতার পর তিনটি বিশ্বকাপ খেলেও ‘মিশন-হেক্সা’ ব্যর্থ ব্রাজিলের।
অগ্রজদের ব্যর্থতা আড়ালের জন্যও আজ অকল্যান্ডের ফাইনাল জিততে চান ব্রাজিল যুব দলের তারকা মিডফিল্ডার গ্যাব্রিয়েল বসশিলিয়া, ‘আমরা এখানে শিরোপা জিততেই এসেছি। শিরোপার জন্য নিজেদের নিংড়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আমরা ব্রাজিলিয়ান ফুটবলের ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করে যাচ্ছি।’
অভিজ্ঞতা, রেকর্ডের হাতছানি—সবকিছুই ব্রাজিলের অনুকূলে। ফর্মটাও নয় কি? শেষ ষোলো এবং কোয়ার্টার ফাইনাল—ব্রাজিলের দুটি ম্যাচেরই নিষ্পত্তি হয়েছিল টাইব্রেকারে। গোল করার ব্যর্থতায় সমালোচনা হয়েছে দলের। তবে সেমিফাইনালে সেনেগালের বিপক্ষে স্বরূপেই দেখা যায় তাদের, জেতে ৫-০ গোলে।
তবে ফাইনালে সার্বিয়ানদের হারাতে গেলে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে ব্রাজিলকে। টুর্নামেন্টজুড়েই ভালো খেলেছে সার্বিয়ার রক্ষণ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই গ্রুপ পর্ব শেষ করেছে। ফাইনালের পথে ৫ ম্যাচে হজম করেছে মাত্র ৪ গোল। দলটির প্রেরণা হিসেবে থাকছে প্রথম শিরোপার হাতছানি। ১৯৮৭ সালের চ্যাম্পিয়ন যুগোস্লাভিয়া ভেঙেই সার্বিয়ার জন্ম। ২৯ বছর আগে যা করেছে যুগোস্লাভিয়া, এবার তা করে দেখাতে চায় সার্বিয়া। কোচ ভেলিকো পনোভিচের কথায়, ‘আমার ছেলেরা এখানে ইতিহাস গড়ছে আর আর ট্রফির অনুপ্রেরণাই তাদের শক্তি জোগাচ্ছে।’
তো কী হবে আজ—ব্রাজিলের ‘হেক্সা’, না সার্বিয়ার ইতিহাস? দ্য গার্ডিয়ান।