ব্রাজিল-আর্জেন্টিনা ছাড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শুরু হচ্ছে কোপা আমেরিকা। তবে বাংলাদেশে বোধ হয় শুধুই আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই। এ দুই দল আছে বলেই গভীর রাতে কিংবা কাকভোরে ঢুলুঢুলু চোখে টিভির সামনে বসা। অথচ এমন কোপা আমেরিকাও হয়েছে যেখানে ব্রাজিল-আর্জেন্টিনাই ছিল না! ১৯৩৯ কোপাতে ঘটেছিল এমন ঘটনা।
সেবার পেরুতে কোপার ১৫তম আসর শুরুর আগেই সরে দাঁড়ায় ব্রাজিল-আর্জেন্টিনাসহ ৪টি দল। এ সুযোগেই প্রথমবারের মতো শিরোপা উৎসব করে স্বাগতিক পেরু। ব্রাজিলের এই টুর্নামেন্ট বর্জনের ঘটনায় অবশ্য তত দিনে সবাই অভ্যস্ত হয়ে গিয়েছিল। এর আগেও পাঁচবার কোপা থেকে নাম প্রত্যাহার করেছে সেলেসাওরা। তবে সেবারই প্রথম টুর্নামেন্ট থেকে নাম কাটিয়ে নেয় আর্জেন্টিনা।
পরে আরও চারবার কোপায় খেলেনি ব্রাজিল। আর্জেন্টিনা খেলেনি আরও তিনবার। সব মিলিয়ে ৪৪ আসরের ১৩টিতেই ব্রাজিল কিংবা আর্জেন্টিনা অনুপস্থিত ছিল। সর্বশেষ ২০০১ সালে কলম্বিয়ায় অনুষ্ঠিত কোপায় অংশ নেয়নি আর্জেন্টিনা। তথ্যসূত্র: কোপা আমেরিকা আর্কাইভ।