ব্রাজিল-সুবাস ফেরাবেন তিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে হয়ে গেল ব্রাজিল কোচ হিসেবে তিতের পরিচিতি পর্ব। নতুন কোচ এরপর ঘুরে দেখেছেন ফুটবল জাদুঘরও। গতকাল ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সদর দপ্তরে l রয়টার্স।
আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে হয়ে গেল ব্রাজিল কোচ হিসেবে তিতের পরিচিতি পর্ব। নতুন কোচ এরপর ঘুরে দেখেছেন ফুটবল জাদুঘরও। গতকাল ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সদর দপ্তরে l রয়টার্স।

ব্রাজিলের জয়ের ধারায় ফেরা জরুরি। তার চেয়েও বেশি জরুরি বোধ হয় ব্রাজিলের খেলায় সেই সুবাস ফিরিয়ে আনা। যে খেলার নাম জোগো বনিতো। যে খেলা আনন্দদায়ী এক ফুটবল। ব্রাজিলের নতুন কান্ডারি তিতে সেই প্রতিশ্রুতিই দিলেন।
ব্রাজিলের নতুন কোচ হিসেবে তাঁর নাম জানা গিয়েছিল আগেই। গত সোমবার এল আনুষ্ঠানিক ঘোষণা। ব্রাজিল কোচ হিসেবে নিজের প্রথম সংবাদ সম্মেলনেই তিতে আশ্বস্ত করলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে ফল আসছিল না, এ জন্যই আমি এই দায়িত্বে এসেছি। দল হিসেবে বেড়ে ওঠা আর নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর সম্ভাবনা আমাদের আছে। আমি চাই ব্রাজিল জিতুক আর ভালো খেলুক। এই মুহূর্তে আমি যে আনন্দ উপভোগ করছি, সেটা ব্রাজিল সমর্থকদেরও ফিরিয়ে দেওয়ার একটা পথ হবে।’
ব্রাজিলের কোচ হওয়া তাঁর জন্য স্বপ্নপূরণের মতো। তিতে এই স্বপ্নটাকে দুঃস্বপ্নে পরিণত হতে দেবেন না। বলেছেন, ‘সকালে মাকে ফোন দিয়ে বললাম তোমার ছেলে এখন ব্রাজিলের কোচ। মা কেঁদে দিলেন, অনেক আশীর্বাদ করলেন। আজকে বিমানবন্দরে কেউ একজন বলল, “আপনার ওপর ২০ কোটি মানুষের সমর্থন আছে।” এটা শুনেই তো আমার পা কাঁপছিল! এখনো বিশ্বাস হচ্ছে না আমি কোচ হয়ে গেছি।’
শুধু যে আশা আর স্বপ্নের কথা বললেন, তাও কিন্তু নয়। তিতে বললেন বাস্তবতার কথাও। ইতিহাসে একমাত্র দল হিসেবে সব কটি বিশ্বকাপে খেলার কৃতিত্ব আছে ব্রাজিলের। সেই ব্রাজিলকে কি দেখা যাবে না ২০১৮ বিশ্বকাপে? এমনই শঙ্কার কথা খোদ তিতের মুখে, ‘আমাদের মনোযোগ থাকবে বিশ্বকাপের বাছাইপর্বে, আমরা নিরাপদ জায়গায় নেই। বাদ পড়ার ঝুঁকিতে আছে ব্রাজিল। এটা যদি আপনি স্বীকার না করেন, তাহলে বাস্তবতার বিরুদ্ধে আপনি লড়াই করছেন।’
তিতের কথায় ইঙ্গিত থাকল তাঁর ফুটবল-দর্শন সম্পর্কেও। এমনিতে করিন্থিয়ানসকে দারুণ সাফল্য এনে দেওয়া এই কোচও অনেকটাই দুঙ্গা ঘরানার। ফলনির্ভর ফুটবলে বিশ্বাসী। তবে তিতে ব্রাজিলের সেই সুন্দর ফুটবলের সুদিন ফিরিয়ে আনবেন বলে প্রতিশ্রুতি দিলেন, ‘এই দল তিতের মতো ফুটবল খেলবে না, এই দলকে খেলতে হবে ব্রাজিলের মতো ফুটবল। আসলে ব্যক্তিগত নৈপুণ্যের সমষ্টি দিয়েই একটা দলের মান তৈরি হয়।’
নেইমারকেই দলের অধিনায়ক রেখে দিচ্ছেন তিতে। তবে বার্সেলোনা তারকার ওপর চাপের বোঝা কমানোর পক্ষেও তিনি। দেখা যাক, ব্রাজিল এবার পথ খুঁজে পায় কি না। এএফপি ও রয়টার্স।