
ম্যাচ শেষে ব্রাদার্স কোচ সৈয়দ নইমুদ্দিন যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। বলেই ফেললেন, ‘আমাদের সৌভাগ্য যে এই ম্যাচে ৩ পয়েন্ট পেয়েছি।’
দুর্বল রহমতগঞ্জের সঙ্গে জিততেও যে এতটা ঘাম ঝরাতে হবে, ম্যাচের আগে একদমই ভাবেননি নইমুদ্দিন। এই জয়ে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট ব্রাদার্সের। তবে জিতেও পয়েন্ট তালিকায় ৬ নম্বরেই রইল কমলা দল। আর সমান ৮ ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া রহমতগঞ্জ আছে সপ্তম স্থানে।
ম্যাচের ৭ মিনিটে হাইতিয়ান ফরোয়ার্ড অগাস্টিন ফাঁকা পোস্ট পেয়েও বল মারলেন বাইরে। সেই শুরু। এরপর একাধিক সুযোগ নষ্ট করে শেষ পর্যন্ত ৭৬ মিনিট অপেক্ষার পর এল কাঙ্ক্ষিত গোল। বক্সের মধ্যে কেস্টারের পাস থেকে গড়ানো শটে বল জালে পাঠালেন অগাস্টিন।
গোলের জন্য হাঁসফাঁস করতে থাকা ব্রাদার্সের জন্য আশীর্বাদ হয়ে আসে ম্যাচের একটি দুর্ঘটনা। ৭০ মিনিটে রহমতগঞ্জের ফরোয়ার্ড নুরুল আবসারের সঙ্গে ধাক্কা লাগে সতীর্থ ডিফেন্ডার জাহাঙ্গীরের। আঘাতে আবসারের নাকের নিচে ফেটে যায়। আহত আবসারকে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আর দলের নির্ভরযোগ্য খেলোয়াড়কে হারিয়ে আরও দুর্বল হয়ে পড়ে রহমতগঞ্জ। ওই দুর্ঘটনার মিনিট সাতেক পরই ম্যাচের একমাত্র গোল।
বিজেএমসির দ্বিতীয় পয়েন্ট: লিগের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছিল বিজেএমসি। এরপর হেরেছে টানা ছয় ম্যাচ। কাল চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করে অবশেষে আরেকটি পয়েন্ট পেল তারা।
২৩ মিনিটে আবদুল হান্নানের গোলে প্রথমে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। কিন্তু শেষ পর্যন্ত এই অগ্রগামিতা ধরে রাখতে পারেনি তারা। ৫৭ মিনিটে গোল শোধ করেন খান মোহাম্মদ তারা। এই ড্রয়ে আট ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতেই বিজেএমসি। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে চট্টগ্রাম আবাহনী।