গত ছয় ম্যাচের সবগুলোতেই জয়। পয়েন্ট তালিকায় সবার ওপরে। ছন্দে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে কাল মাটিতে নামিয়ে এনেছে ব্রাদার্স ইউনিয়ন। লিগ চ্যাম্পিয়নদের কাল গোলশূন্য ড্র করতে বাধ্য করেছে গোপীবাগের দলটি।
প্রতিটি ম্যাচে শেখ জামাল যেভাবে নিচ থেকে আস্তে আস্তে খেলাটা ধরে আক্রমণে ওঠে কাল সেভাবে খেলতেই পারেনি। মামুনুলের অনুপস্থিতি ভালোই ভুগিয়েছে তাদের। সেটি মানলেন কোচ মারুফুল হকও, ‘মামুনুলের অভাবটা আমরা আজ ভালোই টের পেয়েছি।’ পায়ের চোটে ছিটকে যাওয়া জাতীয় দলের অধিনায়কের বদলি হিসেবে খেলা মোনায়েম রাজু ছিলেন নিষ্প্রভ। আগামী ম্যাচেও মামুনুলকে পাবে না শেখ জামাল। দুই ফরোয়ার্ড এমেকা ডার্লিংটন ও ওয়েডসন আনসালমেও সেভাবে গোলমুখ খুলতে পারেননি। বেশ কটি সুযোগ নষ্ট করেছেন। অবশ্য ভাগ্যটাও সঙ্গী হয়নি শেখ জামালের। ম্যাচের শেষ মিনিটে ওয়েডসনের শট ক্রসবারে লেগে ফেরে। গোল পেতে পারত ব্রাদার্সও। ৮৯ মিনিটে ব্রাদার্স ফরোয়ার্ড কেস্টারের হেড বক্সের মধ্যে দাঁড়ানো শেখ জামাল ডিফেন্ডার লিঙ্কনের হাতে লাগে। ব্রাদার্স পেনাল্টির দাবি জানালেও রেফারি আজাদ রহমান বিষয়টা এড়িয়ে যান। ব্রাদার্স কোচ নইমুদ্দিন এ নিয়ে বেশ অসন্তুষ্ট, ‘ওটা ছিল রেফারির ভুল। তা না হলে আমরা এ ম্যাচ অন্তত এক গোলে জিতি।’ তবে চ্যাম্পিয়নদের কাছ থেকে পয়েন্ট কাড়তে পেরেও খুশি ভারতীয় কোচ, ‘ছেলেরা যেমন সুযোগ-সুবিধা পায়, সেই তুলনায় অনেক কষ্ট করে। এই ম্যাচ ড্র করার সব কৃতিত্ব ছেলেদের।’
৭ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষেই শেখ জামাল। আর সমান ম্যাচে ৩ জয়, ২ ড্র ও ২ হারে ১১ পয়েন্ট পাওয়া ব্রাদার্সও পাঁচেই রইল।