ব্রাদার্সে এবার ইতালিয়ান কোচ
মৌসুম শুরু হতে না হতেই দ্বিতীয়বারের মতো কোচ নিয়োগ দিতে চলেছে ব্রাদার্স ইউনিয়ন। নতুন কোচ ইতালিয়ান। নাম জিওভান্নি স্কানু। তাঁর ঢাকায় আসার কথা ৯ জুলাই রাতে। ২৮ জুলাই থেকে শুরু হতে যাওয়া প্রিমিয়ার ফুটবল লিগে ব্রাদার্সের ডাগআউটে থাকবেন সম্প্রতি নাইজেরিয়া, হাঙ্গেরিতে কাজ করে আসা ৪২ বছর বয়সী এই কোচ।
এবারের মৌসুম শুরুর আগে থেকেই কোচ নিয়ে বিপাকে পড়েছে ব্রাদার্স। টানা গত কয়েক বছর দলটির কোচ থাকা ভারতের সৈয়দ নইমুদ্দিনকে নতুন মৌসুমে কোচ করে নিয়ে আসে মোহামেডান। পরে তড়িঘড়ি করে কলকাতারই কোচ সুব্রত ভট্টাচার্যকে নিয়ে আসে ব্রাদার্স।
কিন্তু ফেডারেশন কাপের তিনটি ম্যাচ পরেই বরখাস্ত করা হয় সুব্রতকে।
এর আগে জাতীয় দলে কাজ করেছেন ইতালিয়ান কোচ ফাবিও লোপেজ। টিকেছেন মাস দুয়েক। এর আগে ক্লাব পর্যায়ে মুক্তিযোদ্ধা এনেছিল এক ইতালিয়ান কোচ, কিন্তু দুই মাসের বেশি টেকেননি। তবে ব্রাদার্সের ডিরেক্টর ইনচার্জ মহিউদ্দিন আহমেদ মহি এই ইতালিয়ান কোচকে নিয়ে আশাবাদী।