ব্রাদার্সে ২৭ বছর বয়সী বিদেশি কোচ
গত তিন মাসে তিনজন কোচ নিয়োগ দিল ব্রাদার্স ইউনিয়ন। ভারতের সুব্রত ভট্টাচার্য, ইতালির জিওভান্নি স্কানুর পর প্রিমিয়ার লিগের দলটি এবার নিয়োগ দিতে যাচ্ছে সাইপ্রাস বংশোদ্ভূত সার্বিয়ান নিকোলা ভিতোরোভিচকে। ২৭ বছর বয়সী নিকোলা খেলা ছেড়েছেন গত মৌসুমে। সর্বশেষ খেলেছেন মাল্টার জারা ইউনাইটেড এফসিতে। এরই মধ্যে করেছেন উয়েফা ‘বি’ লাইসেন্স। আগামীকাল রাতেই সাইপ্রাস থেকে ঢাকায় আসার কথা ভিতোরোভিচের।
ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান জানিয়েছেন, ‘তাঁকে আমরা কোচ কাম খেলোয়াড় হিসেবে নিয়োগ দিতে পারি। নিকোলা ভিতোরোভিচ স্ট্রাইকার। আমাদের ভালো স্ট্রাইকারও নেই। তিনি রাজি হলে দুটি দায়িত্বেই তাঁকে রাখতে পারি।’
প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর ইতালিয়ান কোচ স্কানু মাত্র দুই ম্যাচ ডাগআউটে দাঁড়িয়েছিলেন। কিন্তু হঠাৎ মায়ের অসুস্থতার কথা বলে ইতালিতে ফিরে গিয়ে জানিয়ে দেন, ব্রাদার্সে আর ফিরছেন না।