ব্রাদার্সের ইতালীয় 'কোচ-বরণ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিওভান্নি স্কানু
জিওভান্নি স্কানু

মৌসুম শুরু না হতেই দ্বিতীয় দফা কোচ বদল করল গোপীবাগের দলটি। ফেডারেশন কাপের আগে ব্রাদার্স কলকাতা থেকে এনেছিল সুব্রত ভট্টাচার্যকে। কিন্তু মৌসুম শুরুর টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে বিদায় নেয় ব্রাদার্স। এরপরই সুব্রতকে বরখাস্ত করে ক্লাবটি।

স্কানুর সঙ্গে যোগাযোগ করেছিলেন ব্রাদার্সের ম্যানেজার আমের খান। তিন মৌসুম আগে স্কানু নাইজেরিয়ার প্রিমিয়ার লিগের ক্লাব এফসি কাদুনার কোচ ছিলেন। ঢাকায় খেলতে আসা বিভিন্ন নাইজেরিয়ান ফুটবলার সম্পর্কে তখন এজেন্ট আন্তোনিওর কাছে খোঁজখবর নিতেন আমের। আন্তোনিওই স্কানু সম্পর্কে প্রথম ধারণাটা দেন। এরপর থেকেই আমের সুযোগ খুঁজছিলেন স্কানুকে ঢাকায় আনতে। কিন্তু অন্য ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় স্কানু আসতে পারেননি। ফেডারেশন কাপের পর হাঙ্গেরির তৃতীয় স্তরের দল এফসি তাতাবানিয়ার সঙ্গে চুক্তি শেষ হয়ে যায় স্কানুর। সুব্রতও তত দিনে বিদায় নিয়েছেন। প্রস্তাবটা পেয়ে তাই ব্রাদার্সে যোগ দিতে দেরি করেননি স্কানু।

ফেডারেশন কাপ শেষ হওয়ার পর ক্যাম্প বন্ধ ছিল মাসখানেক। কাল থেকে নতুন কোচের অধীনে আবারও শুরু হয়েছে ব্রাদার্সের অনুশীলন। গত মৌসুমে চতুর্থ হয়ে লিগ শেষ করে ব্রাদার্স। এবার পয়েন্ট তালিকায় ক্লাবকে আরও ওপরের দিকে দেখতে চাইবেন সমর্থকেরা, এটাই স্বাভাবিক। কিন্তু স্কানুর ফুটবলদর্শনটা একেবারে ভিন্ন, ‘ক্লাবের সভাপতি বলেননি যে চ্যাম্পিয়নই হতে হবে আমাদের। লিগে তৃতীয় বা চতুর্থ স্থানে থাকাটাও জরুরি নয়। আমি চাই ম্যাচ ধরে ধরে উন্নতি করতে। এটা সত্যি, দিন শেষে সবাই চায় দলের জয় দেখতে। আমিও তা-ই চাইব।’ গত মৌসুমের চেয়ে এবার ভালো করার আশ্বাসই দিয়েছেন এই ইতালিয়ান।