ব্রাদার্সের কোচ বাল গোপাল
টানা কয়েক মৌসুম পর সৈয়দ নইমুদ্দিনকে এবার আর কোচ করছে না ব্রাদার্স। ‘নতুন কিছুর’ সন্ধানে চলতি মৌসুমে তারা বেছে নিয়েছে বাল গোপাল মাহারজনকে। নেপাল জাতীয় দলকে ঢাকায় বঙ্গবন্ধু গোল্ড কাপ জিতিয়ে বাল গোপাল নজর কাড়েন সবার। যদিও অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের নিয়েই বঙ্গবন্ধু কাপে খেলেছে নেপাল। তবে কাগজে কলমে বাল গোপাল নেপাল জাতীয় দলেরই কোচ ছিলেন।
এএফসি ‘এ’ লাইসেন্সধারী এই কোচের মধ্যে তারুণ্যের উদ্দীপনা খুঁজে পেয়েছেন ব্রাদার্সের ডিরেক্টর ইনচার্জ মহিউদ্দিন আহমেদ মহি, ‘নইম ভাইয়ের বয়স হয়ে গেছে, তাই নতুন কাউকে চাইছিলাম। বাল গোপাল তরুণ কোচ, ভালো কিছু করার ক্ষমতা রাখেন।’
বাল গোপালের কাছে ব্রাদার্স ক্লাবটা পরিচিতই। এই দলে খেলেছেন কয়েক বছর। সে হিসাবে একটা সম্পর্ক তৈরি হয়েছিল আগেই। নেপালের সর্বোচ্চ গোলদাতা এবার গোপীবাগের দলটিতে শুরু করছেন নতুন ইনিংস। যদিও শোনা যাচ্ছিল, চট্টগ্রাম আবাহনী নিজেদের একাডেমির কোচ করে আনতে চায় বাল গোপালকে। সেই প্রক্রিয়াটা থমকে যাওয়ায় ব্রাদার্স এখন তাঁকে চলতি মৌসুমের জন্য নিয়োগ দিচ্ছে। বাল গোপাল দু-এক দিনের মধ্যেই ঢাকায় এসে ব্রাদার্সের দায়িত্ব নেবেন।