ব্রাদার্সের রাব্বি, মুক্তির বিপলু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাদার্সের মান্নাফ রাব্বির গোল উদ্‌যাপন। কাল প্রিমিয়ার ফুটবলে উত্তর বারিধারার বিপক্ষে l প্রথম আলো
ব্রাদার্সের মান্নাফ রাব্বির গোল উদ্‌যাপন। কাল প্রিমিয়ার ফুটবলে উত্তর বারিধারার বিপক্ষে l প্রথম আলো

মায়ের হাত ধরে কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসেছিল ছোট্ট আরাশ লাওয়াল। মুক্তিযোদ্ধার ডিফেন্ডার মুফতা লাওয়ালের দুই বছরের ছেলে আরাশকে আদর করে দিলেন সতীর্থ আহমেদ কোলো মুসা। ম্যাচ শেষে দুই বিদেশি ফুটবলারের মুখেই তখন হাসি। কারণটাও যথেষ্ট অনুমেয়। সর্বশেষ ম্যাচে উত্তর বারিধারার কাছে হারের পর কাল যে আবারও জয়ে ফিরেছে মুক্তিযোদ্ধা। রহমতগঞ্জকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার চারে উঠে এসেছে দলটি। ২০ ম্যাচে ২৯ পয়েন্ট মুক্তিযোদ্ধার, সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ছয়ে নামল রহমতগঞ্জ।    
দলের অন্যতম সেরা স্ট্রাইকার তৌহিদুল আলমের চোটের পর ভুগতে থাকে মুক্তিযোদ্ধাও। শিরোপা দৌড় থেকেই ছিটকে গেছে অনেক আগে। লিগের সম্মানজনক অবস্থানে থাকাটাই এখন তাদের একমাত্র লক্ষ্য।
কিন্তু উত্তর বারিধারার কাছে সর্বশেষ ম্যাচে হারের পর ক্লাব কর্মকর্তারা বেশ অসন্তুষ্ট হয়ে পড়েন বিদেশি ফুটবলারদের পারফরম্যান্সে। কাল যেন সেই জবাবটাই দিতে মাঠে খেলছিলেন মুসা, সিমোন, মুফতা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা মুক্তিযোদ্ধা প্রথম গোলটি পেয়েছে ৩২ মিনিটে। বক্সের বাইরে থেকে মুসার জোরালো শট সিমন এজোদিকার গায়ে লেগে ঢোকে জালে (১-০)। সিমনের সামনেই দাঁড়িয়ে থাকা রহমতগঞ্জ মিডফিল্ডার মেহবুব নয়ন চেষ্টা করেছিলেন বলটি কর্নারের বিনিময়ে বাঁচাতে, কিন্তু শেষ পর্যন্ত আর পারেননি।
৪৬ মিনিটে শফিকুল ইসলাম বিপলুর গোলটি ছিল দেখার মতো। দূরপাল্লার জোরালো শটটি যখন সামান্য বাঁক খেয়ে বাতাসে ভেসে জালে ঢুকছিল, রহমতগঞ্জের গোলরক্ষক আল আমিন শুধুই চেয়ে দেখলেন তা। বাকি সময়ে অবশ্য চেষ্টা করেও আর কোনো দল গোল করতে পারেননি।

ব্রাদার্সের জয়: মোহামেডানের কাছে হারের পর টানা দুই ম্যাচ ড্র। যেন দুঃসময় ঘিরে ধরতে চাইছিল ব্রাদার্সকে। কাল জয়ে ফিরেছে গোপীবাগের দলটি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্রাদার্স ২-১ গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে। এই জয়ে ২০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পাঁচে ব্রাদার্স। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এখনো তালিকার তলানিতেই উত্তর বারিধারা। অবনমন চোখ রাঙাচ্ছে দলটিকে। 

 দুর্দান্ত খেলেছেন মান্নাফ রাব্বি। নিজে একটি গোল করেছেন, জয়সূচক গোলটিতেও অবদান রেখেছেন যশোরের তরুণ। সারা মাঠ দৌড়ে খেলেছেন। কায়সার আলী রাব্বির ফ্রিকিক থেকে দুর্দান্ত হেডে ৬০ মিনিটে মান্নাফ রাব্বির গোল। ১-০ তে এগিয়ে যায় ব্রাদার্স। ৭০ মিনিটে ইয়োন্তো মাইকেলের আত্মঘাতী গোলে সমতায় ফেরে উত্তর বারিধারা। কিন্তু ৮৭ মিনিটে বক্সের বাইরে থেকে রাব্বির বাড়িয়ে দেওয়া বলে অগাস্টিন ওয়ালসন আলতো টোকায় করেন জয়সূচক গোল।