ব্রাদার্স-ফেনী সকার পয়েন্ট ভাগাভাগি

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম রাউন্ডকে এখনো পর্যন্ত পয়েন্ট ভাগাভাগির রাউন্ড বললে খুব ভুল হবে না। আগের চার ম্যাচের তিনটিই শেষ হয়েছে ড্র দিয়ে। সেই ধারাবাহিকতাতেই আজ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ফেনী সকার ক্লাবের ম্যাচটিও শেষ হলো অমীমাংসিতভাবেই।
১-১ গোলে ড্র হওয়া ম্যাচটিতে জিততে পারত যেকোনো দলই। সুযোগ নষ্ট করার খেসারত দিয়েছে ব্রাদার্স ও ফেনী সকার—দুই দলই। ম্যাচের একেবারে শুরুতেই ব্রাদার্সকে হতভম্ব করে দিয়ে ফেনী সকার এগিয়ে গিয়েছিল, সেই গোল প্রথমার্ধের ২৭ মিনিটে শোধ করেই ম্যাচে ফেরে ঢাকার গোপীবাগের ঐতিহ্যবাহী দলটি।
ম্যাচের ৪ মিনিটে বাঁ প্রান্ত থেকে দূরপাল্লার এক চকিত শটে গোল করে ফেনী সকারকে এগিয়ে দেন সুশান্ত ত্রিপুরা। ব্রাদার্স গোলকিপার উত্তর বড়ুয়া একটু এগিয়ে থাকায় সুশান্ত বুদ্ধিমত্তার সঙ্গে হাওয়ায় ভাসিয়ে যে শটটি নেন, সেটা সোজা গিয়ে ঠাঁই নেয় ব্রাদার্সের গোলে।
গোল খেয়ে কিছুটা হতবুদ্ধি হয়ে পড়ার পড়েও ব্রাদার্স কিন্তু খেলায় ফেরে খুব দ্রুত। মান্নাফ রাব্বি, কিংসলি চিগোজি ও আগাস্টিন উলসনরা বারবারই বিপাকে ফেলেছেন ফেনী সকারের রক্ষণকে। ম্যাচের ২৭ মিনিটের সময় আগস্টিন মোটামুটি একক প্রচেষ্টায় চমৎকার একটি গোল করে ব্রাদার্সকে খেলায় ফেরান।
দ্বিতীয়ার্ধের আক্রমণ-প্রতি আক্রমণে হয়েছে দুই দলের জমজমাট লড়াই। দুই দলেরই ফিনিশিং দুর্বলতা চোখে পড়েছে। খেলার ৮২ মিনিটে ডান প্রান্ত থেকে পাওয়া এক ক্রসে পা ছোঁয়ালেও সেটা লক্ষ্যে রাখতে পারেননি ফেনী সকারের অধিনায়ক আকবর হোসেন রিদন। ব্রাদার্সের আগাস্টিনের একটি গোলও শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় অফসাইডের অজুহাতে।