ব্রাভো! ব্রাভো!!

মাঠের মধ্যে তখন কাঁধে কাঁধ রেখে আনন্দ নৃত্যে ব্যস্ত চিলির ফুটবলাররা। কিন্তু ক্লদিও ব্রাভো কোথায়? চিলির অধিনায়ক এক ফাঁকে নিজ দলের খেলোয়াড়দের থেকে নিজেকে একটু আলাদা করে ছুটলেন প্রতিপক্ষের টেন্টে—সান্ত্বনা জানাতে।
টেন্টে তখন চুপচাপ বসে আছেন বিধ্বস্ত লিওনেল মেসি। চিলির গোলরক্ষক হয়তো মনে মনে ক্লাব সতীর্থ মেসির প্রতি কৃতজ্ঞও! পেনাল্টি শুট আউটের প্রথম অগ্নিপরীক্ষাতে যে বার্সেলোনা ফরোয়ার্ড মেসিই তাঁকে উদ্ধার করলেন। পেনাল্টিতে আর্তুরো ভিদালের নেওয়া প্রথম শটটি বাইরে যেতেই আশায় বুক বেঁধেছিল আর্জেন্টিনা। কিন্তু আলবিসেলেস্তিদের প্রথম শট নিতে গিয়ে মেসিও যে উড়িয়ে মারলেন বাইরে।
এরপর লুকাস বিলিয়ার শটটি ডান দিকে ঝাঁপিয়ে দারুণ দক্ষতায় ঠেকিয়ে দিলেন চিলির গোলরক্ষক। চিলির টানা দুবার কোপা জয়ের স্বপ্ন দেখার শুরুটাও যেন শুরু হয়ে গেল তখনই।
নায়ক হতে পারতেন আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরোও। কিন্তু পুরো ম্যাচেই যেন রোমেরোর চেয়ে এগিয়ে রইলেন ব্রাভো। ম্যাচের ১০১ মিনিটে আগুয়েরোর হেড থেকে যেভাবে গোল বাঁচিয়েছেন সেটা তো অবিশ্বাস্য! টেলিভিশন ধারাভাষ্যকারদের কণ্ঠে তখন শুধুই ব্রাভো–বন্দনা। বেশ কয়বার কর্নার থেকে পাওয়া বলগুলো থেকেও বিপদ হতে দেননি চিলিকে।
অধিনায়ক ব্রাভোর ওপর বরাবরই ভরসা করে এসেছেন লা রোজাদের কোচ হুয়ান আন্তোনিও পিজ্জি। ফাইনালে ওঠার পর তো পিজ্জি বলেছিলেন, ‘ক্লদিও একজন নেতা, অধিনায়ক। মাঠের মধ্যেও ব্যক্তিত্বসম্পন্ন সে। দলের কঠিন অবস্থায় সবার সঙ্গে কথা বলে চাঙা করে তুলতে সে অন্যতম।’
ট্রফি হাতে তোলার আগে তাই সবাইকে ডেকে নিলেন মঞ্চে। ম্যাচের নির্ধারিত সময়ে গোল করে হয়তো আর্তুরো ভিদাল, সানচেজ, ভার্গাসরা নায়ক হতে পারতেন। কিন্তু শেষ পর্যন্ত পেনাল্টি ঠেকিয়ে নায়ক ব্রাভোই।