ব্রাভোই এখন সিটির 'হার্ট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্লাভস হাতে দক্ষ গোলকিপার, কিন্তু তাঁর মূল সমস্যা পায়ে। নতুন কোচ পেপ গার্দিওলার চাহিদামতো বল পায়ে দক্ষতা দেখাতে পারছেন না জো হার্ট। ছয় মৌসুম ধরে ম্যানচেস্টার সিটির প্রথম পছন্দের গোলকিপারের জায়গা তাই অনিশ্চিত হয়ে পড়েছে। তাঁর বিকল্প হিসেবে এরই মধ্যে বার্সেলোনা থেকে ক্লদিও ব্রাভোকে নিয়ে আসার সব কাজ প্রায় গুছিয়ে এনেছে সিটি।
গার্দিওলা আসার পর সিটিতে যে কিছু অদল-বদল হবে, সেটি অনুমিতই ছিল। তবে সবচেয়ে বড় ধাক্কাটা যাচ্ছে হার্টের ওপর দিয়ে। এরই মধ্যে ক্লাবের গোলকিপারের পছন্দের তালিকা এক থেকে নেমে গেছেন তিনে। ক্লাবেই আর থাকতে পারবেন কি না, সেটি জানা যাবে কিছুদিন পর। এভারটন ও সেভিয়া হার্টকে নিতে আগ্রহ দেখিয়েছে, তবে মূল সমস্যা ইংলিশ গোলকিপারের উচ্চ বেতন।
হার্টকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হওয়ার আগেই তাঁর বিকল্পও নিয়ে এসেছে সিটি। গত পরশুই বার্সেলোনা থেকে ম্যানচেস্টারে এসে পৌঁছেছেন ব্রাভো। এখনো সব চূড়ান্ত হয়নি, তবে ৩১ বছর বয়সী চিলিয়ান গোলকিপারের বিষয়টি লুকাননি গার্দিওলা, ‘সবাই যা জানে, সেটি তো আর অস্বীকার করতে পারি না। বার্সেলোনা ১০ দিন আগেই সিটির পক্ষ থেকে যোগাযোগের বিষয়টি (ব্রাভোকে পেতে) জানিয়েছে। তবে আমি দুঃখিত, চুক্তি না হওয়া পর্যন্ত খেলোয়াড়টি আমাদের নয়।’
বার্সেলোনাও ব্রাভোর বিকল্প হিসেবে আয়াক্সের গোলকিপার ইয়াসপার সিলিসেনকে আনছে বলে জোর গুঞ্জন। এএফপি।