ব্রাভো.. ব্রাভো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্প্যানিশ লিগে সবচেয়ে বেশি সময় গোল না খেয়ে থাকার রেকর্ড এখন ব্রাভোর
স্প্যানিশ লিগে সবচেয়ে বেশি সময় গোল না খেয়ে থাকার রেকর্ড এখন ব্রাভোর

রিয়াল সোসিয়েদাদ থেকে অনেক আশা করেই বার্সেলোনা তাঁকে এনেছিল। গোলবারে ভিক্টর ভালদেসের জায়গাটা পূরণের জন্য চিলিয়ান ক্লদিও ব্রাভো যে দারুণ এক পছন্দ, সেটার প্রমাণ তিনি রেখেছেন মৌসুমের শুরুতেই। টানা সাত ম্যাচে গোল না খেয়ে অনন্য এক রেকর্ড গড়েছেন তিনি। লা লিগায় সবচেয়ে বেশি সময় ‘ক্লিনশিট’ এখন এই ব্রাভোই। 
ইতিমধ্যেই গোলবারে বার্সার প্রথম পছন্দ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ব্রাভো। লা লিগার প্রথম ছয় ম্যাচে খেলে কোনো গোল খাননি তিনি। রেকর্ডের হাতছানিটা পেয়েছিলেন তখনই। ভায়োকানো ম্যাচে প্রথম ২০ মিনিট গোল না খেলেই তিনি নিজের নামের পাশে লিখে ফেলতে পারতেন অনন্য এই সম্মাননা। সেই পথে ব্যর্থ হননি তিনি। কেবল প্রথম ২০ মিনিট নয়, পুরো ৯০ মিনিটই গোল না খেয়ে লা লিগায় ক্লিনশিটের রেকর্ডটা নতুন করেই লিখেছেন তিনি।
স্প্যানিশ লিগে এর আগে সবচেয়ে বেশি সময় গোল না খেয়ে কাটিয়েছিলেন বার্সেলোনা ও সোসিয়েদাদের গোলরক্ষক মারিয়া আরতোলা। ১৯৭৭-৭৮ মৌসুমে ৫৬০ মিনিট গোল না খেয়ে রেকর্ড গড়েছিলেন তিনি। তবে বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে বেশি সময় গোল না খেয়ে থাকার রেকর্ড ব্রাভোর পূর্বসূরি ভিক্টর ভালদেসের। ২০১১ সালে তিনি ক্লিনশিট ছিলেন ৮৯৬ মিনিট। ভালদেসকে ছাড়িয়ে যেতে অবশ্য ব্রাভোকে আরও অপেক্ষাতেই থাকতে হচ্ছে। ওই রেকর্ডটা করে ফেললে বোধ হয় তাঁর নামের স্বার্থকতা আরও উজ্জ্বলরূপে খুঁজে পাবেন ব্রাভো। সূত্র: মার্কা, এএফপি।
ছবি: এএফপি