ব্রাভোর হাতে শেষ এবার রোনালদোর স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিলিকে কনফেডারেশনস কাপের ফাইনালে তুললেন ব্রাভো। ছবি: এএফপি
চিলিকে কনফেডারেশনস কাপের ফাইনালে তুললেন ব্রাভো। ছবি: এএফপি

এক বছর আগে কোপা আমেরিকা ফাইনালে লিওনেল মেসিকে কাঁদিয়েছিল চিলি। ঠিক এক বছর পর কনফেডারেশনস কাপে পর্তুগালের স্বপ্নটা শেষ করে দিল তারা। আর্তুরো ভিদাল আর আলেক্সিজ সানচেজদের হাতে টানা দুই বছর ধরে স্বপ্নভঙ্গ হলো বিশ্বের দুই সেরা ফুটবলারের। মেসি ও রোনালদো। দুবারই টাইব্রেকারে বাজিমাত। নায়ক গোলকিপার ক্লদিও ব্রাভো।
ম্যাচটা যে টাইব্রেকারে যাবে, সেটি যেন নিয়তি-নির্ধারিতই ছিল। নইলে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে প্রায় নিশ্চিত গোলটি কেন পেল না চিলি? প্রথমার্ধেই-বা রোনালদোর মাপা ক্রসটি গোলে পরিণত করতে পারলেন না কেন আন্দ্রে সিলভা। ম্যাচের শেষ মিনিটে পর্তুগালের গোলকিপার প্যাট্রিসিও চিলির নিশ্চিত গোলের সুযোগটি বাঁচিয়ে দিলে ফিরতি বলে ভিদালের শটটি ক্রসবারে লেগে প্রতিহত হয়।
ম্যাচজুড়ে দুই দলই প্রচুর আক্রমণ করেছে। আক্রমণগুলো ঠেকে গেছে রক্ষণের সামনে এসে। গোলকিপার দুজন তো পুরো ম্যাচেই ছিলেন দুর্দান্ত। তবে প্রথমার্ধে দুই দলেরই যে গোল করার চেয়ে গোল ঠেকানোয় আগ্রহ বেশি ছিল, সেটি বোঝা গেছে। ফিনিশিংয়েও দুর্বলতা ছিল দুই দলেরই। ভিদাল চিলির হয়ে চেষ্টা করেছেন। পর্তুগালের হয়ে করেছেন রোনালদো।
দ্বিতীয়ার্ধে রোনালদোর একটি ফ্রি কিক ব্রাভোকে তেমন একটা বিব্রত করত পারেনি। সানচেজকে তো ম্যাচে প্রায় দেখাই যায়নি।
টাইব্রেকারে কারেসমা, মোতিনহো আর নানির শট ঠেকিয়ে পর্তুগালকে শেষ করে দেন ব্রাভো। চিলির পক্ষে গোল করেন ভিদাল, সানচেজ ও মরিনিয়ো।
সেমিফাইনালে পেপের মতো খেলোয়াড়ের অনুপস্থিতি বড় একটা ধাক্কা হয়ে এসেছিল পর্তুগালের জন্য। চিলির ৪-৩-৩ ছকের বিপরীতে পর্তুগালের কৌশল ছিল ৪-২-২। দুই দলের বিশ্বসেরা ফুটবলারদের গোল করতে না পারার ব্যর্থতায় ১২০ মিনিটের লড়াইটা বন্ধ্যত্ব ঘোচাতে পারল না। এমন একটা সন্ধ্যার সুযোগটা পুরোপুরি নিলেন চিলির গোলকিপার ব্রাভো। তিন পেনাল্টি ঠেকিয়ে শেষ অবধি বীর তিনিই।
ম্যাচ শেষ ৩৪ বছর বয়সী এই গোলকিপার মন খুলেই কথা বললেন গণমাধ্যমের সঙ্গে। তাঁর প্রতিটি উচ্চারণে ঠিকরে বের হলো আত্মবিশ্বাস, ‘আমরা যেভাবে খেলেছি, যে ফলটা বের করেছি, তাতে আমরা দারুণ সন্তুষ্ট। তবে এখনই আমরা সবকিছু জিতে যাইনি। ফাইনালটা তো এখনো বাকি আছে।’
চিলির কোচ অ্যান্তনিয় পিজ্জি গর্বিত তাঁর দলকে নিয়ে, ‘আমি আমার দল নিয়ে দারুণ গর্বিত। ব্রাভো দারুণ কিছু সেভ করে আমাদের ম্যাচে রেখেছিল। টাইব্রেকারেও সে দুর্দান্তই করল। তার একটা গুণ আছে, যেটার আজ সবাই দেখেছে। সে আগে থেকেই বুঝতে পারে, যে খেলোয়াড়টি পেনাল্টি নিচ্ছে, সে কোন জায়গা দিয়ে মারবে। কে পেনাল্টি নিচ্ছে, এটা ব্রাভোর কাছে কোনো ভাবনার বিষয়ই নয়।’ সূত্র: এএফপি