ব্রুগের সামনে ইউনাইটেড
গত আট বছরে দলটি চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছে তিনবার। সেই ম্যানচেস্টার ইউনাইটেডই গত বছর ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় ছিল দর্শক। আবার চ্যাম্পিয়নস লিগে ফেরার দরজাটা এখন খোলাই, তবে তার আগে ছোট্ট একটা বাধা টপকাতে হবে। প্লে-অফের ড্র কাল ইউনাইটেডের সামনে দাঁড় করিয়ে দিয়েছে বেলজিয়ামের ক্লাব ব্রুগেকে।
গত ইংলিশ প্রিমিয়ার লিগ চারে শেষ করাতেই নিশ্চিত হয়ে গিয়েছিল ইউনাইটেডকে খেলতে হবে প্লে-অফ। ড্রয়ের ভাগ্যটা সদয়ই বলতে হবে। ইতালির লাৎসিও, রাশিয়ার স্পার্তাক মস্কো বা ফ্রান্সের মোনাকোকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ার সম্ভাবনা ছিল। ব্রুগেকে পাওয়ায় স্বস্তি থাকলেও ইউনাইটেডের ক্লাব সচিব জন আলেকজান্ডারের কথায় সেটির প্রকাশ নেই, ‘বেলজিয়ামের ফুটবল দারুণ এগোচ্ছে, আমাদের দুজন বেলজিয়ান খেলোয়াড় (ফেলাইনি ও ইয়ানুজাই) সেই সাক্ষ্যই দিচ্ছে।’
ফন গাল অবশ্য এটা নিয়ে ভাবার খুব একটা সময় বোধ হয় পাননি। লিগে আজই টটেনহামের সঙ্গে ম্যাচ, আগের দিন ইউনাইটেডের কোচ চমকে দিয়েছেন সবাইকে। জানিয়েছেন, গত মৌসুমের সেরা খেলোয়াড় ডেভিড ডি গিয়ার জায়গা হচ্ছে আজ বেঞ্চেই। এএফপি।