ব্রেক্সিট সুযোগ বাড়াবে ইংলিশ ফুটবলারদের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রেক্সিটকে ফুটবলের ক্ষেত্রে ইতিবাচকভাবেই নিচ্ছেন এফএ চেয়ারম্যান গ্রেগ ডাইক। ছবি-স্কাই স্পোর্টস।
ব্রেক্সিটকে ফুটবলের ক্ষেত্রে ইতিবাচকভাবেই নিচ্ছেন এফএ চেয়ারম্যান গ্রেগ ডাইক। ছবি-স্কাই স্পোর্টস।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য, যে সিদ্ধান্তের ফলে ইউরোপিয়ান দেশগুলোর ঐক্যের স্বপ্নে একটা বড় ধাক্কাই এসেছে। বৈশ্বিক অর্থনীতিতে ব্রেক্সিটের বড় প্রভাব পড়বে বলেও মনে করা হচ্ছে। প্রভাব পড়বে ইংলিশ ফুটবলেও। তবে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গ্রেগ ডাইক কিন্তু মনে করেন, সেই প্রভাবটা ইতিবাচকই হবে। তাঁর ধারণা, এতে করে ইংলিশ লিগে ঘরোয়া ফুটবলাররা আরও বেশি খেলার সুযোগ পাবেন। 

এত দিন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বাকি ২৭টি দেশের ফুটবলারদের ইংল্যান্ডে খেলায় ওয়ার্ক পারমিট পাওয়াটা ছিল একরকম আনুষ্ঠানিকতা। কিন্তু ব্রেক্সিটের কারণে এখন সেটি যথেষ্ট ঝক্কির হয়ে যেতে পারে। আর এতে করে কমে যেতে পারে ইংলিশ লিগে বিদেশি ফুটবলারদের সংখ্যা। তবে এতে করে যদি দেশি ফুটবলারদের সুযোগ বাড়ে, সেটা শেষ পর্যন্ত ভালোই হবে বলে মনে করেন গ্রেগ ডাইক, ‘আমি আমার মেয়াদকালে দেখছি, ইংলিশ লিগে দেশি ফুটবলার আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। যদি এমন কিছু হয়, যার কারণে ওদের আবার সুযোগ তৈরি হচ্ছে, আমি সেটাকে স্বাগতই জানাব।’
অবশ্য বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে একই সঙ্গে ডাইক এই ভোটাভুটিতে নিজে কোন পক্ষে ছিলেন, সেটিও স্পষ্ট করে বলে দিয়েছেন, ‘আমার মনে হয় না, আমাদের অনেকেই ভেবেছিল, এ রকম কিছু হবে। ব্যক্তিগতভাবে আমি ইইউতে থাকার পক্ষে ছিলাম, সেদিকে ভোট দিয়েছি। কিন্তু ফল যা হয়েছে, সেটিও আমাদের মেনে নিতে হবে।’
ব্রেক্সিটের ফলে যাতে বড় বড় খেলোয়াড়দের ইংল্যান্ডে আসার পথ বন্ধ না হয়ে যায়, সেদিকেও সতর্ক থাকার অনুরোধ ডাইকের, ‘যদি ইউরোপের সেরা খেলোয়াড়েরা এখানে খেলতে আসতে না পারেন, সেটি খুবই লজ্জাজনক হবে। আমার মনে হয় না ওরকম কোনো বাধা তৈরি হবে।’ গোল ডটকম।