
পঞ্চমবারের মতো নির্বাচিত ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের নির্বাচনের কয়েক দিনের মধ্যে পদত্যাগ এ কথাটিকেই আবার সামনে নিয়ে এল যে পদ গ্রহণ যেমন এক তৃপ্তিদায়ক সম্মান ও অভিজ্ঞতা; তা কখন ছাড়তে হয়, তা জানাও একটা বড় ব্যাপার। গত মঙ্গলবার যে ঘোষণা দিয়েছেন, তা চার বছর (বা তারও) আগে আসা উচিত ছিল, যখন তিনি কাতারের মোহাম্মদ বিন হাম্মামের সঙ্গে সভাপতি নির্বাচনের ডামাডোলে এক অকথিত যুদ্ধে জড়িয়ে পড়েন, যার শেষে হাম্মাম ভোট কেনার দায়ে আজীবন ফুটবল থেকে বহিষ্কৃত হন আর ব্ল্যাটার হন চতুর্থবারের মতো সভাপতি।
ব্ল্যাটার এবারও নির্বাচনের পরে সম্ভবত তাঁর মেয়াদ শেষ করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, অন্তত তাঁর প্রথম দিককার কথাতে তাই মনে হচ্ছিল। কিন্তু মার্কিন তদন্তকারী সংস্থাগুলো তাঁকে আর তাঁর ডান হাত ফিফা সাধারণ সম্পাদক জেরোম ভালকে-কেও তদন্তের অন্তর্ভুক্ত করেছে আর বারবার এ খবরটা আসছে যে তদন্ত কেবল শুরু, এর দীর্ঘতর বাকিটা সামনেই পড়ে আছে, এসব তথ্য তাঁর অব্যাহত পঞ্চম মেয়াদের পায়ের তলা থেকে মাটি সরিয়ে নেয়। আগামী ছয় মাসের মধ্যে অতি জরুরি সাধারণ সভায় নতুন সভাপতির কাছে ক্ষমতা ছাড়ার ঘোষণা তাই ফিফাকে নতুনভাবে গড়ার সুযোগ এনে দিলেও ব্ল্যাটার কি সম্মান নিয়ে যেতে পারলেন—এ প্রশ্নটি থেকেই যাবে।
ফিফার মতো বিশ্বজনীন সংস্থায় গদিনশিনদের একটা স্বাভাবিক সুবিধা থাকেই। শুধু ১৯৭৪ সালে ব্রাজিলের জোয়াও হ্যাভেলাঞ্জ আর ২০১১-তে হাম্মাম গদিনশিনকে কাঁপাতে সমর্থ হন। হ্যাভেলাঞ্জ কালো কালো সব হাতে বাদামি রঙের খাম দিয়ে ১৯৭৪ সালের নির্বাচন জেতেন, এ কথা ব্রিটিশ সংবাদমাধ্যম জোর গলায় বলেছিল। ইঙ্গিতটা ছিল আফ্রিকার প্রতিনিধিদের প্রতি। ইংরেজদের একটা দুঃখ আর রাগ আগাগোড়া ছিল যে প্রথম অ-ইউরোপীয় হিসেবে হ্যাভেলাঞ্জ একজন ইংরেজকে (স্যার স্ট্যানলি রুজ) ক্ষমতাচ্যুত করেন। ওঁরা কোনো দিন হাভেলাঞ্জ আর তাঁর শিষ্য ব্লাটারকে ক্ষমা করেননি।
হ্যাভেলাঞ্জের ছত্রচ্ছায়ায় থেকেই ১৯৮১ সালে যখন ব্ল্যাটার ফিফার পরিচালক থেকে বেতনভুক সাধারণ সম্পাদক হন, তৃতীয় বিশ্বের দেশগুলোতে তাঁর পরিচিতি বাড়তে থাকে। সব মহাদেশীয় ফুটবল সংস্থায় তিনি হ্যাভেলাঞ্জের পাশে বসে নিজেকে পরিচিত করতে থাকেন। হ্যাভেলাঞ্জের সঙ্গে কাজ করেই তিনি এই বিশ্বব্যাপী ফুটবল সংস্থাকে একটা অর্থনৈতিক মহিরুহে পরিণত করেন। ১৯৯৮ সালে হ্যাভেলাঞ্জ চলে যাওয়ার পরে সভাপতি হয়ে ব্ল্যাটার তাঁর পূর্বসূরির কার্যক্রম চালিয়ে যান এবং এখন ফিফা দুনিয়ার সবচেয়ে ধনী সংস্থাগুলোর একটা। হ্যাভেলাঞ্জ-ব্ল্যাটার বিশ্বকাপকে এশিয়া ও আফ্রিকায় নিয়ে যান। তাঁরা বিশ্বকাপে আফ্রিকা ও এশিয়ার প্রতিনিধিত্ব বাড়ান। দুই শতাধিক সদস্যের বেশির ভাগই ফিফার দানে পরিপুষ্ট। তাই তথাকথিত তৃতীয় বিশ্বে তাঁদের জনপ্রিয়তা আর কদরও বেশি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদর দপ্তরের একটা অংশকে ‘ব্ল্যাটার কর্নার’ নামাঙ্কিত করা হয়েছে।
ব্ল্যাটার তাঁর শেষ সংবাদ সম্মেলনে মেয়াদ নির্দিষ্টকরণে প্রস্তাব রেখেছেন। গত সপ্তাহের নির্বাচনে তাঁর সঙ্গে পরাজিত প্রার্থী জর্ডানের প্রিন্স আলী এ প্রস্তাব আগেই রেখেছিলেন। এ রকম একটা অবস্থায় পড়তে হয়েছিল আইওসির সাবেক সভাপতি হুয়ান আন্তোনিও সামারাঞ্চকেও। তাঁকে মেয়াদ শেষ হওয়ার আগেই পদ ছাড়তে হয়নি বটে, কিন্তু আইওসির অর্থের বড় একটা জোগানদাতা মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে সংযোগ বাঁচানোর জন্য মার্কিন সিনেটের সামনে গিয়ে বক্তব্য দিতে এবং সিনেটরদের বাক্যবাণে নাস্তানাবুদ হতে হয়েছিল। সামারাঞ্চের পর এখন আইওসিতে সভাপতি দুই মেয়াদের জন্যই হতে পারেন। সদস্যদের বয়সও নির্দিষ্ট হয়েছে। ফিফার প্রস্তাবিত সংস্কারে এ বিষয়টি অন্তর্ভুক্ত হতে পারে। আর যে একটা বিষয় সেখানে থাকা উচিত তা হলো ফিফার কোনো বেতনভুক কর্মকর্তা কোনো নির্বাচন করতে পারবেন না। বিশেষ করে বেতনভুক সাধারণ সম্পাদক সংস্থার টাকায় দেশ-বিদেশ ঘুরে যে ভিত্তি তৈরি করতে পারেন, তা নিরপেক্ষ নির্বাচনকে অসম্ভব করে তোলে।
এমনিতেই এ-জাতীয় সব সংস্থার স্বেচ্ছাসেবানির্ভর কাজে অঘোষিত ‘তেল-মোবিলে’র একটা ভূমিকা থাকেই। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব প্রয়াত সিদ্দিক আহমেদের কাছ থেকে শুনেছি, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সভা থাকলে হোটেলে এসে আয়োজকেরা প্রতিনিধিদের হাতখরচের অর্থ দিয়ে যেতেন। ওঁরা এটাকে অতিথিদের প্রতি অবশ্য-করণীয় লৌকিকতা মনে করতেন। ১৯৯০-৯৪ পর্বে এশিয়ান ফুটবল কনফেডারেশনের মিডিয়া কমিটির সদস্য হিসেবে আমি খুব কাছ থেকে দেখেছি কীভাবে বিভিন্ন ধরনের প্রণোদনা ক্রীড়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কার্যকর ভূমিকা রাখে। এএফসির কমিটিতে আমাকে মনোনীত করেছিলেন ওই সংস্থার সহসভাপতি বাংলাদেশের হাফিজউদ্দীন আহমেদ বীর বিক্রম। ১৯৯৪ সালে কুয়ালালামপুরে এএফসির কংগ্রেসের পার্শ্ব দর্শক হিসেবে বিভিন্ন দেশের প্রতিনিধিদের কাছ থেকে কানাঘুষায় শুনেছি, কীভাবে তাঁদের নাকের ডগায় ডলারের প্যাকেটের মুলা ঝোলানো হচ্ছে।
তাই যে সংস্কারের কথা ইউরোপ ও আমেরিকা থেকে বলা হচ্ছে, তা কতটা সফল হবে বলা শক্ত। গত সপ্তাহে ব্ল্যাটার বলেছেন, কাতারের কাছে ২০২২ সালের বিশ্বকাপ আয়োজনের দৌড়ে হেরেই মার্কিনিরা তাঁর ওপর ক্ষিপ্ত। ইংল্যান্ডও অখুশি তাদের হারিয়ে রাশিয়া ২০১৮ বিশ্বকাপের দায়িত্ব পাওয়ায়। কিন্তু এখন যেসব জিনিস বেরিয়ে আসছে, তা পূর্বোক্ত অনুচ্ছেদে বর্ণিত ডলারের সামান্য হাতখরচার বা বাদামি খামের বিষয় নয়; শত শত কোটি টাকার প্রশ্ন। এ বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। ‘দ্য বিউটিফুল গেম’কে দুর্নীতি থেকে রক্ষার জন্য যদি মার্কিন ও সুইস তদন্ত আসলেই কিছু করতে পারে, তা হবে একটা বড় কাজ। আর যদি আসন্ন সংস্কার হয় রাশিয়া ও কাতারকে বিশ্বকাপের আয়োজন থেকে সরানো, তবে তার ব্যাখ্যা হবে, পুরো ব্যাপারটাই শোধ নেওয়ার জন্য করা হচ্ছে। ছয় মাস পরে যে সভাপতি আসবেন, তাঁকে অবশ্যই এসব জটিল বিষয় সুরাহা করতে হবে।
আখতার হোসেন খান: ক্রীড়া লেখক ও সাবেক সচিব