ব্ল্যাটার চোর, প্লাতিনি প্রহসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেপ ব্ল্যাটারের সঙ্গে সম্পর্কটা অনেক আগে থেকেই তিক্ত। শেষবার ব্ল্যাটার সভাপতি নির্বাচিত হওয়ার পর ডিয়েগো ম্যারাডোনা সরাসরি তাঁকে চোরও বলেছিলেন। ব্ল্যাটার যুগ অবশ্য সামনে শেষ হচ্ছে, উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিকে মনে করা হচ্ছে তাঁর সম্ভাব্য উত্তরসূরি। তবে তাতেও ফিফার অবস্থার পরিবর্তন দেখছেন না ম্যারাডোনা, দুজনকে বলছেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ।
ম্যারাডোনার দাবি, ব্ল্যাটারের কারণেই ফিফার কোনো কিছুর সঙ্গে তিনি সংশ্লিষ্ট নন, ‘আমাকে বাইরে রাখা হয়েছে, কারণ ব্ল্যাটার নামের একজন সব দরজা বন্ধ করে রেখেছে।’ এরপরই নিজের অননুকরণীয় ভঙ্গিতে ব্ল্যাটারের সঙ্গে ধুয়ে দিলেন প্লাতিনিকেও, ‘কিন্তু আমি তো কোনো চোর নই। ব্ল্যাটার ফুটবলের অনেক ক্ষতি করেছে, আর প্লাতিনি তো একটা প্রহসন। তারা ভান করে দুজন আলাদা, একজন ফিফায় আর আরেকজন উয়েফায়। কিন্তু আসলে দুজন সব সময় পাশাপাশিই ছিল। ব্ল্যাটার প্লাতিনিকে শুধু চুরি করাটাই শেখাতে পেরেছে।’
ফেব্রুয়ারিতে ফিফা সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন জর্ডানের প্রিন্স আলী। ম্যারাডোনা তাঁকে তো সমর্থন দিচ্ছেনই, তাঁদের দুজন যুগলবন্দী হতে পারেন বলেও দাবি করেছেন, ‘সে যদি নির্বাচনে জেতে, তাহলে আমি ওর পাশে সহসভাপতি হিসেবে থাকব।’ এএফপি।