ব্ল্যাটার পদত্যাগের ঘোষণা দেননি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেপ ব্ল্যাটার
সেপ ব্ল্যাটার

সেপ ব্ল্যাটার আর কত খেল দেখাবেন? ২ জুন ফুটবল-বিশ্বকে স্তম্ভিত করে বললেন, ফিফা সভাপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। বিশেষ এক কংগ্রেসে উত্তরসূরির হাতে ক্ষমতা তুলে দেবেন। কিন্তু কাল সুইস পত্রিকা ব্লিককে বললেন, পদত্যাগের কোনো ঘোষণাই দেননি! দিন দশেক আগের প্রশ্নটা আবারও উঠে যাচ্ছে, ব্ল্যাটার কি তাহলে সভাপতির পদ আঁকড়ে থাকতে চাইছেন?
জুরিখে ভবিষ্যতের ফিফা জাদুঘর নির্মাণের স্থান পরিদর্শনে গিয়েছিলেন ব্ল্যাটার। ব্লিক দাবি করেছে, ব্ল্যাটার সে সময় তাদের কাছে বলেছেন, ‘আমি পদত্যাগ করিনি। আমি তো বলেছি, ফিফা কংগ্রেসের পর ব্যাপারটা দেখা যাবে।’ কিন্তু ২ জুন আসলে কী বলছিলেন ব্ল্যাটার? সেটা একটু মনে করা যাক, ‘নির্বাচনের রায় আমার পক্ষে গেছে। কিন্তু মনে করি না, সমর্থক, ফুটবলার, ক্লাব এবং সেই মানুষগুলো যারা ফুটবলের জন্য বাঁচে, নিশ্বাস নেয়, ফুটবলকে ভালোবাসে, তাদের সবার সমর্থন আমি পেয়েছি৷ সেই কারণেই আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
গত মাসে দুর্নীতি ও অনিয়মের দায়ে ফিফার নয় কর্মকর্তা গ্রেপ্তারের পর শুরু হয়েছিল তুলকালাম। এর কয়েক দিন পরই ফিফা সভাপতির নির্বাচন, সেটিতে প্রথম দফা ভোটের পর নির্বাচিত হয়ে যান ব্ল্যাটার। কিন্তু কয়েক দিন বাদেই পদত্যাগের ঘোষণা দিয়ে চমকে দেন সবাইকে।
এখন প্রশ্ন উঠে যাচ্ছে, ব্ল্যাটার কি নতুন কোনো খেলা খেলতে যাচ্ছেন? দিন দশেক আগে ব্ল্যাটারের গত নির্বাচনের উপদেষ্টা ক্লাউস স্টোয়েলকের দাবি করলেন, সে রকম কোনো প্রার্থী পাওয়া না গেলে ব্ল্যাটার আবারও প্রার্থী হতে পারেন। তবে ফিফার নিরীক্ষা বিভাগের প্রধান ডমিনিক স্কালা গুঞ্জনটাকে উড়িয়ে দিয়ে তখন বলেছিলেন, এ রকম কোনো সম্ভাবনাই নেই।
কিন্তু ব্লিক-এর কথা যদি সত্যি হয়, তাহলে ফিফা সভাপতি নিয়ে মাসব্যাপী নাটকের আরেকটা অঙ্কই শুরু হতে যাচ্ছে। আগামী মাসের ২০ তারিখে জুরিখে ফিফার নির্বাহী কমিটির একটা বিশেষ বৈঠকেই ঠিক হবে পরের ফিফা কংগ্রেসের দিনক্ষণ। এখন পর্যন্ত সেটি সামনের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হওয়ার কথা। এএফপি।