ব্ল্যাটার-প্লাতিনি নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেপ ব্ল্যাটার ও মিসেল প্লাতিনি। ২০১৪ সালে ফিফার ৬৪তম কংগ্রেসে l ফাইল ছবি
সেপ ব্ল্যাটার ও মিসেল প্লাতিনি। ২০১৪ সালে ফিফার ৬৪তম কংগ্রেসে l ফাইল ছবি

দুই দিন আগে দাবি করেছিলেন, ফেব্রুয়ারির নির্বাচনের এক দিন আগেও সরে দাঁড়াবেন না। কিন্তু তার আগেই ফিফা থেকে বিদায়ঘণ্টা বেজে গেল সেপ ব্ল্যাটারের। সেই সঙ্গে মিশেল প্লাতিনিরও ফিফা সভাপতি হওয়ার সম্ভাবনা সম্ভবত শেষ হয়ে গেল। কাল ফিফা নৈতিকতা কমিটি ৯০ দিনের জন্য নিষিদ্ধ করেছে ব্ল্যাটার ও প্লাতিনিকে।
কিছুদিন আগেই বাধ্যতামূলক ছুটিতে যাওয়া ফিফা মহাসচিব জেরোম ভালকেও একই সময়ের জন্য নিষিদ্ধ হয়েছেন। নির্বাচনে আরেক প্রার্থী ফিফার সাবেক সহসভাপতি দক্ষিণ কোরিয়ার ধনকুবের চুং মং-জুন নিষিদ্ধ হয়েছেন ছয় বছরের জন্য, সঙ্গে তাঁকে জরিমানা দিতে হবে ১ লাখ সুইস ফ্রাঁ (১ লাখ ৩ হাজার মার্কিন ডলার)।
পরশু দিনই বিবিসিসহ আরও কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আভাস দিয়েছিল ব্ল্যাটার নিষিদ্ধ হতে যাচ্ছেন। কিন্তু ফিফা তখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
গতকাল উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি বললেন, ফিফার সভাপতি পদে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা তাঁর নেই। প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিয়েছেন ফিফার কাছে। এর ঘণ্টা খানেক পরই ফিফা এক বিবৃতিতে প্লাতিনিকেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল-সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করার কথা জানিয়ে দিল।
গত মে মাসে ফিফার সাত কর্মকর্তাকে দুর্নীতির দায়ে গ্রেপ্তারে ফুটবলের সর্বোচ্চ সংস্থায় যে ধাক্কা লেগেছিল, কাল সেটিই যেন ভূমিকম্প হয়ে এল। ওই মাসেই নির্বাচনে ব্ল্যাটার সভাপতি নির্বাচিত হয়েছিলেন, কয়েক দিন পরই আগাম নির্বাচন দিয়ে পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন। কিন্তু এরপরও ফিফার দুর্নীতি নিয়ে সারা বিশ্ব আরও উচ্চকণ্ঠ হয়েছে। এরই মধ্যে ব্ল্যাটারবিরোধী হিসেবে পরিচিত উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি পরের নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। ফিফা সভাপতি নির্বাচনে এগিয়ে ছিলেন তিনিই।
কিন্তু সপ্তাহ দুয়েক আগের এক ঘটনায় প্লাতিনির দিকে ঘুরে যায় তির। সুইস কর্তৃপক্ষ জানায়, ২০ লাখ ডলারের এক লেনদেনে অনিয়মের অভিযোগে ব্ল্যাটারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। সেই লেনদেন আবার হয়েছিল প্লাতিনির সঙ্গে। ফিফা নৈতিকতা কমিটি এর পরই এটির তদন্তে নামে। দুই দিন আগে ফিফার পৃষ্ঠপোষকেরা ব্ল্যাটারকে সরে দাঁড়ানোর আহ্বান জানায়। বোঝাই যাচ্ছিল, ব্ল্যাটারের সময় ফুরিয়ে আসছে। কিন্তু একই সঙ্গে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার প্লাতিনিকেও যে কলঙ্কের দায় নিতে হবে, সেটি কে জানত?
ফিফা কাল জানিয়ে দিয়েছে, জ্যেষ্ঠ সহসভাপতি ক্যামেরুনের ইসা হায়াতু নির্বাচন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। আর ফুটবল-সংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ হওয়ায় প্লাতিনিও এখন আর উয়েফা সভাপতি নন। উয়েফা সভাপতির অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিতে পারেন স্পেনের ফুটবল ফেডারেশন সভাপতি আনহেল মারিয়া ভিয়ার। এএফপি।