ব্ল্যাটার-প্লাতিনির আজীবন নিষেধাজ্ঞা?

আট বছর করে নিষেধাজ্ঞা পেয়েছেন দুজনই। সেপ ব্ল্যাটার ফিফা নৈতিকতা কমিটির দেওয়া সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি নিচ্ছেন, একই প্রস্তুতি নিচ্ছেন মিশেল প্লাতিনিও। আপিল করছে ফিফা নৈতিকতা কমিটির তদন্ত দলও। সেখানে দাবি থাকবে, শাস্তি বাড়িয়ে যাতে দুজনকেই আজীবন নিষিদ্ধ করা হয়।
ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটারের সঙ্গে ২০১১ সালে ‘অবৈধ উপায়ে’ ২০ লাখ ইউরো লেনদেন করায় গত বছর ২১ ডিসেম্বর ফিফার নৈতিকতা কমিটি আট বছরের জন্য ফুটবল-সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করে ব্ল্যাটার ও প্লাতিনিকে। ব্ল্যাটারকে ৫০ হাজার সুইস ফ্রাঁ ও প্লাতিনিকে ৮০ হাজার সুইস ফ্রাঁ জরিমানাও করা হয়। নৈতিকতা কমিটির নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়ে দরকার হলে নিজেকে নির্দোষ প্রমাণের জন্য সর্বোচ্চ ক্রীড়া আদালতে যাবেন বলেও জানিয়েছেন প্লাতিনি। নিজেকে নির্দোষ প্রমাণের জন্য সর্বোচ্চ চেষ্টা করার ঘোষণা দিয়েছেন ব্ল্যাটারও। এরই মধ্যে নতুন করে এই হুমকি এল ফিফা নৈতিকতা কমিটির তদন্ত দলের কাছ থেকে। কমিটির মুখপাত্র আন্দ্রেয়াস বেনতেল কাল জুরিখে বলেছেন, ‘আমরা তাদের আট বছরের নিষেধাজ্ঞা বাড়ানোর জন্য আপিল করব, এটা নিশ্চিত।’
আপিলে শাস্তি বাড়ার উদাহরণও কিন্তু খুব বেশি দিন আগের নয়। ২০১৩ সালের এপ্রিলে ফিফার সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য শ্রীলঙ্কার মনিলাল ফার্নান্দোকে প্রথমে আট বছরের নিষিদ্ধ করেছিল নৈতিকতা কমিটি। পরে তদন্ত দল আপিল করায় শাস্তি বাড়িয়ে আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হয় তাঁকে।
ব্ল্যাটার-প্লাতিনির দুশ্চিন্তা বেড়ে যাওয়ার কারণ আছে বৈকি! রয়টার্স।