ব্ল্যাটার-ফন গালকে ম্যারাডোনার তোপ

তাঁর জিবটা যেন তলোয়ার। ডিয়েগো ম্যারাডোনা যেটা মনে করেন সেটা খুল্লামখুল্লা বলে ফেলেন। আর্জেন্টাইন কিংবদন্তি এবার তোপ দাগলেন সেপ ব্ল্যাটার আর লুই ফন গালকে।
ফিফা সভাপতি ব্ল্যাটারের সঙ্গে কখনোই মধুর সম্পর্ক ছিল না ম্যারাডোনার। ফিফাকে ‘মাফিয়া’ সংগঠন বলেছেন বহুবার। এবার অবশ্য ও রকম কিছু বলেননি, বিদ্রূপই করেছেন। সামনেই ফিফা সভাপতির নির্বাচন, ব্ল্যাটার আরও একবার প্রার্থী। ম্যারাডোনা কটাক্ষ করে বলেছেন, ব্ল্যাটারকে হেরে যাওয়ার ভয় পেয়ে বসেছে। কারণটা শুনুন ম্যারাডোনার মুখেই, ‘ব্ল্যাটার ভয় পাচ্ছে কারণ নির্বাচনে এখন আগের মতো ভোট কেনা যায় না। এই কাজটা ব্ল্যাটারই করত, আমার মনে হয় এখন আর এটা সম্ভব না।’
ম্যারাডোনা হঠাৎ ফিফা সভাপতির নির্বাচন নিয়ে কথা বলছেন কেন? জর্ডানের প্রিন্স আলি বিন আল হুসেইন লড়ছেন এই নির্বাচনে। ম্যারাডোনা তাঁকে নিজের সমর্থন জানিয়ে আশা প্রকাশ করছেন, এবার একটা পরিবর্তন আসবে, ‘আমার মনে হয় এটাই পরিবর্তনের সময়। আমি সব সময় বলেছি ফিফার দায়িত্ব এমন লোকজনের কাছে, ফুটবলের প্রতি যাদের ভালোবাসা নেই। তারা শুধু ব্যবসাটাই বোঝে। এখন সেটা বদলানোর একটা সুযোগ এসেছে।’
ব্ল্যাটারের বিরুদ্ধে একটু রয়েসয়ে কথা বললেও ফন গালকে প্রায় ‘শয়তানই’ বানিয়ে দিয়েছেন ম্যারাডোনা। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের ডাচ কোচের ওপর খেপেছেন রাদামেল ফ্যালকাওকে কেন্দ্র করে। কলম্বিয়ান এই স্ট্রাইকারকে ইউনাইটেড নিয়ে বসিয়ে রাখছেন ফন গাল, ম্যারাডোনা এটি মানতেই পারছেন না, ‘ফন গাল লোক ভালো নন। সে প্রায় শয়তানের কাছাকাছি।’
এই মৌসুমে ইউনাইটেডে ফ্যালকাও যেন নিজের ছায়া হয়ে আছেন, লিগে ২০ ম্যাচ খেলে করেছেন মাত্র ৪ গোল। কিছুদিন আগেই ম্যারাডোনা বলেছিলেন, চোট কাটিয়ে ওঠার পর ফ্যালকাওকে আরেকটু সুযোগ দিতে হবে। কিন্তু ফন গাল গত পাঁচ ম্যাচে এই স্ট্রাইকারকে বেঞ্চেই বসিয়ে রেখেছেন। ইএসপিএন, গোলডটকম।