ব্ল্যাটার বনাম ফিগো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময় যত গড়াচ্ছে, বাড়ছে সেপ ব্ল্যাটারের প্রতিদ্বন্দ্বীর সংখ্যা। তবে লড়াইয়ে নতুন নাম লেখালেন যিনি, তিনি শুধু সংখ্যাই বাড়াচ্ছেন না, ওজনেও বেশ ভারী। ফিফা সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন লুইস ফিগো! সাবেক পর্তুগিজ ফুটবল মহাতারকাকে নিয়ে ফিফা সভাপতি হওয়ার লড়াইয়ে আছেন এখন ছয়জন। মনোনয়ন দাখিলের শেষ তারিখ আজই। নির্বাচন আগামী ২৯ মে।
ফিগো জানালেন ফিফার ভাবমূর্তি উজ্জ্বল করার ভাবনাতেই তাঁর এই প্রার্থিতা পেশ, ‘ফুটবল আমাকে ভাবায়। কিন্তু ফিফার যে ভাবমূর্তি আমি এখন ও কয়েক বছর ধরে দেখছি, সেটি আমার ভালো লাগছে না। ফিফা লিখে ইন্টারনেটে সার্চ দিলেই প্রথম যে শব্দটি উঠে আসবে তা হলো স্ক্যান্ডাল। ইতিবাচক কিছু নয়। এটিই আমাদের বদলাতে হবে প্রথমে, বদলাতে হবে ফিফার ভাবমূর্তি। ফুটবলের এর চেয়ে বেশি কিছু প্রাপ্য।’
ব্ল্যাটার এবার লড়ছেন পঞ্চম মেয়াদে। তাঁর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সবচেয়ে বড় নাম ফিগোই। বাকিরা হলেন এএফসি সহসভাপতি জর্ডানের আলি বিন আল হুসেইন, ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান মিশেল ফন প্রাগ, সাবেক ফিফা নির্বাহী জেরোম শ্যাম্পেন ও সাবেক ফরাসি ফুটবলার ডেভিড জিনোলা। এএফপি।