ব্ল্যাটার যাচ্ছেন না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দুই সপ্তাহ আগে। পরবর্তী ফিফা সভাপতি কে হবেন, সেটা নিয়েও জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। কিন্তু সুইজারল্যান্ডের একটি পত্রিকা জানিয়েছে, সেপ ব্ল্যাটার নাকি থেকে যাওয়ার কথাই ভাবছেন!
সুইজারল্যান্ডের শোয়েস অ্যাম শনটাগ পত্রিকার খবর, গত কয়েক দিনে এশিয়া ও আফ্রিকার বেশ কয়েকটি দেশের ফুটবল ফেডারেশন থেকে ব্ল্যাটার সমর্থনের বার্তা পেয়েছেন, ফিফা থেকে পদত্যাগের ব্যাপারটি পুনর্বিবেচনা করতে বলেছে তারা তাঁকে। এই পত্রিকা ব্ল্যাটারের ঘনিষ্ঠ একটা সূত্রের বরাতে জানিয়েছে, বিদায়ী ফিফা সভাপতি তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবছেন। এই মাসের শুরুতেই ফিফার সাবেক একজন পরামর্শক মাইকেল হার্শম্যান আশঙ্কা প্রকাশ করেছিলেন, ব্ল্যাটার শেষ পর্যন্ত থেকেও যেতে পারেন। কিছুদিন আগে ফিফার গণসংযোগ বিভাগের পরিচালক ওয়াল্টার ডি গ্রিগরিও পদত্যাগ করেছেন। সুইস পত্রিকাটির দাবি, ডি গ্রিগরিও চেয়েছিলেন ফিফায় পুরোপুরিই নতুন একটা সূচনা হোক এবং ব্ল্যাটার যত দ্রুত সম্ভব পদ ছেড়ে দিন। সেটি নিয়েই মতবিরোধের জের ধরে ফিফাতে নেই ডি গ্রিগরিও।
তবে ফিফার নিরীক্ষা কমিটির প্রধান ডমিনিক স্কালা এসব গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন। নতুন সভাপতি নিয়োগের পুরো প্রক্রিয়া তত্ত্বাবধান করছেন স্কালা। তাঁর মতে, ফিফা পুনর্গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি ব্ল্যাটারের পদত্যাগ।
দুর্নীতির অভিযোগে ফিফার ৯ কর্মকর্তা গ্রেপ্তার হওয়ার পর চাপে পড়ে গিয়েছিলেন ব্ল্যাটার। নির্বাচনে জয়ী হওয়ার পরও নাটকীয়ভাবে তাঁর সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়াটাকেও মনে করা হচ্ছে ওই চাপেরই প্রভাব। আগামী ডিসেম্বর ও ফেব্রুয়ারি মাসের মধ্যে কোনো এক সময় জুরিখে অনুষ্ঠেয় বিশেষ কংগ্রেসে ব্ল্যাটারের উত্তরসূরি বেছে নেওয়ার কথা। রয়টার্স, ইএসপিএন।