ব্ল্যাটারকে আবারও ম্যারাডোনার তোপ

প্রতিপক্ষ কিংবা প্রতিদ্বন্দ্বী হিসেবে তো অনেককেই দেখেছেন সেপ ব্ল্যাটার। কিন্তু তাঁর সবচেয়ে বড় ‘শত্রু’ কে? প্রশ্নটার জবাব দিতে গিয়ে বোধ হয় খুব বেশি ভাবতে হবে না ফিফা সভাপতিকে। ডিয়েগো ম্যারাডোনার নামটাই সবার আগে বলবেন। চারবারের ফিফা সভাপতি তিনি। এই দীর্ঘ সময়ে ম্যারাডোনা একা তাঁর যেটুকু বিষোদ্গার করেছেন, অন্য সবাই মিলে সেটার ধারেকাছেও আসবেন না। এবার পঞ্চমবারের মতো ফিফা সভাপতি পদে লড়ছেন তিনি। সেই নির্বাচনের আগে যথারীতি ম্যারাডোনা আরও একবার ধুয়ে দিলেন ফুটবল নিয়ন্ত্রক সংস্থার এই কর্তাব্যক্তিটিকে। ‘একনায়ক’ বলেছেন তিনি সেপ ব্ল্যাটারকে। পঞ্চমবারের মতো তাঁর সভাপতি হওয়ার ইচ্ছেটাকেও বলেছেন ‘হাস্যকর’ ব্যাপার।
পরশু ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ-এ এক কলামে ম্যারাডোনা লিখেছেন, ‘সেপ ব্ল্যাটারের অধীনে ফিফা একটা কলঙ্কজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমরা যারা ফুটবলকে ভালোবাসি তাদের জন্য এটা বিব্রতকর ব্যাপার।’ আর এ কারণেই আসছে ফিফা সভাপতি নির্বাচনে সবাইকে ব্ল্যাটারের বিপক্ষে অবস্থান নিতেও অনুরোধ করেছেন তিনি, ‘পাঁচবার সভাপতি হওয়ার চিন্তাটাই তো হাস্যকর। গণতান্ত্রিক কোনো দেশে এটা গ্রহণযোগ্য নয়, জাতিসংঘে গ্রহণযোগ্য নয়। কোনো আন্তর্জাতিক সংগঠনেও গ্রহণযোগ্য নয়। শুধু ফিফাতে গ্রহণযোগ্য। আমরা আজীবনের জন্য একজন একনায়ককে পেয়েছি।’
তবে ম্যারাডোনার এত সমালোচনাও কিন্তু টলাতে পারছে না ব্ল্যাটারকে। ২৯ মে ফিফা সভাপতি পদে নির্বাচন সামনে রেখে তিনি ব্যস্ত শেষ সময়ের প্রচারণায়। যেখানে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী জর্ডানের প্রিন্স আলী বিন আল হুসেইন। জয়ের ব্যাপারে আশাবাদী ব্ল্যাটার সুইস দৈনিক এনজেডজেড-এর সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি সেই পাহাড়ি ছাগলের মতো যে থামতে জানে না। চলতেই থাকে, চলতেই থাকে।’ এএফপি, টেলিগ্রাফ, ইএসপিএন।