ব্ল্যাটারকে জেলের ভয় দেখিয়েছিলেন প্লাতিনি!

সেপ ব্ল্যাটার ফিফা সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন দুই মাস হলো। তবে এ সংক্রান্ত আলোচনা এখনো থামেনি। আজ আবার নতুন বোমা ফাটালেন সাবেক ফিফা সভাপতি। জানালেন, উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি নাকি জেলের ভয় দেখিয়ে ফিফা সভাপতি নির্বাচন থেকে বিরত রাখতে চেয়েছিলেন তাঁকে!
গত মে মাসে ফিফা সভাপতি নির্বাচনের দুই দিন আগে ঘটেছিল এই ঘটনা। ফিফা সভাপতির ভাই পিটার ব্ল্যাটারের সঙ্গে দুপুর খেতে গিয়েই নাকি এমন হুমকি দিয়েছিলেন প্লাতিনি। হল্যান্ডের পত্রিকা দ্য ভোসক্রান্তকে ব্ল্যাটার বলেন, ‘সেদিন আমার ভাইয়ের সঙ্গে এক টেবিলে দুপুরে খেতে বসেছিল প্লাতিনি। সেখানেই পিটারকে বলল, ‘‘সেপকে এ নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলুন, না হলে জেল খাটতে হবে।’’’
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার পর পরই নাকি পিটার ব্ল্যাটারকে কান্নায় ভেঙে পড়েছিলেন। এ ব্যাপারে অবশ্য প্লাতিনির কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তবে প্লাতিনির ঘনিষ্ঠ উয়েফার এক কর্মকর্তা এ অভিযোগ উড়িয়েই দিয়েছেন। বললেন, ‘এমন বানোয়াট গল্প সবার মনোযোগ অন্যদিকে সরানোর অপচেষ্টা। ফিফার আসল সমস্যার দিকেই সবার নজর দেওয়া উচিত। উয়েফা সভাপতি এ অভিযোগের কোনো জবাব দেওয়ার প্রয়োজনীয়তা দেখেননি। তিনি এর চেয়ে ফিফার ভাবমূর্তি পুনরুদ্ধারে পুরোপুরি মনোযোগ দিতে চান। বিভিন্ন সমস্যা সমাধানের জন্য নতুন কর্মসূচি বাস্তবায়নের চিন্তা করছেন তিনি।’
ফিফা সভাপতির পদ থেকে ব্ল্যাটার সরে দাঁড়ানোর পর নতুন নির্বাচন হওয়ার কথা আগামী বছর ফেব্রুয়ারিতে। সেই নির্বাচনে নিজের প্রার্থিতাও ঘোষণা করেছেন প্লাতিনি। নির্বাচনের আগে এমন অভিযোগ এনে প্লাতিনির ‘দমে’র পরীক্ষাই কি নিচ্ছেন ফুটবল-রাজনীতির ঝানু খেলোয়াড় ব্ল্যাটার? সূত্র: এএফপি।