ব্ল্যাটারকে প্লাতিনির তির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্ল্যাটার ও প্লাতিনি
ব্ল্যাটার ও প্লাতিনি

সেপ ব্ল্যাটার আর ফিফা সভাপতির দায়িত্বে নেই! এটা তো পিলে চমকানোর মতো খবর! সেই ১৯৯৮ থেকে ফিফা সভাপতির পদ আঁকড়ে রেখেছেন, তাঁর চলে যাওয়ার খবর তো চমকজাগানিয়া হবেই। না, ব্ল্যাটার পদত্যাগ করেননি। ক্ষমতার কুর্শি থেকেও নামেননি। কিন্তু ব্ল্যাটার ফিফার ক্ষমতা এমনভাবেই কুক্ষিগত করে রেখেছেন যে তাঁকেই ফিফা হিসেবে দেখছেন উয়েফা সভাপতি, ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার মিশেল প্লাতিনি, ‘সেপ আর ফিফার সভাপতি নন। তিনি নিজেই ফিফায় পরিণত হয়েছেন!’
বয়স তাঁর ৭৮ বছর। এই বয়সে এসে মানুষ জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তির খেরোখাতা নিয়ে বসে, কিন্তু ব্ল্যাটার অবসর নিতেও অনিচ্ছুক। আগামী বছর অনুষ্ঠেয় ফিফা সভাপতি নির্বাচনে পঞ্চমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। দীর্ঘ ১৬ বছর ধরে পাওয়া ক্ষমতার স্বাদে ব্ল্যাটার এতটাই মজেছেন যে এর আগেরবার নির্বাচনের আগে বলা ‘এবারই শেষ’—যেন শেষই হচ্ছে না! বরং একের পর এক বিতর্কের জন্ম দিয়ে ব্ল্যাটার প্রশ্নবিদ্ধ করেছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে নিজের ভূমিকাকেই। উয়েফা সভাপতিও তাই তির ছুঁড়েছেন ব্ল্যাটারের দিকে, ‘ফুটবলের সেবা করা উচিত, ব্যবহার করা নয়।’
২০০৭ থেকে উয়েফার সভাপতির দায়িত্ব পালন করে আসা ৫৮ বছর বয়সী প্লাতিনিকে অনেকেই ব্ল্যাটারের যোগ্য প্রতিদ্বন্দ্বী মনে করেন। প্লাতিনি নিজেও একাধিকবার বলেছেন, একমাত্র তিনিই পারেন ব্ল্যাটারকে হারিয়ে দিতে। তবুও শেষ পর্যন্ত ফিফার সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না বলে কোনো খেদ নেই প্লাতিনির, ‘এটা উপযুক্ত সময় ছিল না। আমি মোটেও অনুশোচনাবোধ করি না। হয়তো একদিন করব। তখন দেখা যাবে।’ রয়টার্স।