ব্ল্যাটারকে ভোট দিয়েছে প্লাতিনির ফ্রান্স!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্ল্যাটার বিরোধী প্লাতিনির দেশ ফ্রান্স ভোট দিয়েছে ব্ল্যাটারকে ছবি: এএফপি
ব্ল্যাটার বিরোধী প্লাতিনির দেশ ফ্রান্স ভোট দিয়েছে ব্ল্যাটারকে ছবি: এএফপি

উয়েফা সভাপতি মিশেল প্লাতিনির সঙ্গে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের সম্পর্কটা আদায়-কাঁচকলায়। ফুটবল দুনিয়ায় অধীশ্বর ফিফার সভাপতির পদ থেকে ব্ল্যাটারকে সরিয়ে দিতে সম্ভব সব ধরনের উদ্যোগই দৃশ্যমান ছিল প্লাতিনির তরফ থেকে। প্লাতিনির কারণেই ফিফা সভাপতি পদে নির্বাচনে ব্ল্যাটারের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে মাঠে ছিল উয়েফা। কিন্তু এখন জানা যাচ্ছে বজ্র আঁটুনি ফস্কা গেরোর মতোই উয়েফার ১৮টি দেশ নাকি গোপনে ভোট দিয়ে এসেছে ব্ল্যাটারকে। সবচেয়ে মজার ব্যাপার, এই দলে আছে খোদ প্লাতিনির দেশ ফ্রান্সও।
কেবল ফ্রান্সই নয়, ব্ল্যাটারকে নাকি ভোট দিয়েছে ইউরোপের ১৮টি দেশ। এর মধ্যে ফ্রান্স তো আছেই, আছে স্পেনের মতো ফুটবল-শক্তিও! অথচ উয়েফার তরফ থেকে নাকি কড়া নির্দেশ ছিল ব্ল্যাটারের পক্ষে ভোট দেওয়ার। পুরো বিষয়টি নিয়ে এই মুহূর্তে তোলপাড় চলছে ইউরোপীয় ফুটবল অঙ্গনে। ব্ল্যাটারের বিরুদ্ধে সভাপতি পদে নির্বাচন করা প্রিন্স আলীর সমর্থকেরা ফল বিশ্লেষণ করে দেখিয়েছেন যে ইউরোপের ৫৩টি দেশের মধ্যে এক-তৃতীয়াংশ ভোট গেছে ব্ল্যাটারের বাক্সে। অন্যান্য ইউরোপীয় দেশের মধ্যে তুরস্ক, সাইপ্রাস, ফিনল্যান্ড প্রভৃতি দেশ ভোট দিয়েছে ব্ল্যাটারকে।
উয়েফা পুরো বিষয়টিতে এতটাই বিব্রত যে এ ব্যাপারে জরুরি একটি বৈঠকও নাকি ডাকা হয়ে গেছে। বার্লিনে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের সময়ই এই বৈঠক হওয়ার কথা। সেখানেই নাকি এ ব্যাপারে কৈফিয়ত তলব করা হতে পারে।
উয়েফা কৈফিয়ত তলব করতে পারে, কিন্তু ইউরোপের দেশগুলো নাকি ব্ল্যাটারকে ভোট দিয়েছে রাজনৈতিক কারণেই। ফ্রান্স আর স্পেনের বিপুল বিনিয়োগ আছে ২০১৮ আর ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়া আর কাতারে। রাশিয়া বোধগম্য কারণেই ব্ল্যাটারের সমর্থক। রাশিয়া ও কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অনেকক্ষেত্রে ইউরোপীয় দেশগুলোকে ব্ল্যাটারের পক্ষে ঠেলেছে।
এদিকে, ব্ল্যাটারের কন্যা কারিন বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, উয়েফা রাজনৈতিক কারণেই আবার বাবার পেছনে লেগেছে। বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আবার অন্য খেলাও চলছে। কিন্তু একটা কথা বলে রাখি আমার বাবা নিষ্কলুষ। তিনি অর্থের বিনিময়ে ভোট কেনেন না।
কারিন ব্ল্যাটারে উয়েফা কর্মকর্তাদের বিরুদ্ধে এক হাত নিয়ে বলেন, ‘এরা মূলত অপদার্থ। সেপ ব্ল্যাটারকে সরানোর যদি এতই আকাঙ্ক্ষা, তাহলে কেন ৫৩টি দেশ মিলে একজন প্রার্থী দাঁড় করাতে পারলেন না তারা। আসলে ফিফার মতো প্রতিষ্ঠানকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতাই এদের নেই। এদের কাজই হচ্ছে সেপ ব্ল্যাটারের কর্মকাণ্ডের বিরোধিতা করা। সূত্র: ইনসাইড ওয়ার্ল্ড ফুটবল, বিবিসি।