ব্ল্যাটারকে 'চোর' বললেন ম্যারাডোনা

ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের অনেকেরই জন্ম দক্ষিণ আমেরিকায়। কিন্তু সৃষ্টিসুখের উল্লাস ছড়ানো এই মহাদেশে প্রদীপের নিচে এমন আঁধার আছে কে জানত! ‘সুন্দর খেলা’র কুৎসিত দিকটাও যে বেরিয়ে এসেছে দিবালোকে। গত পরশু ভোরে জুরিখের হোটেলে ফিফার যে সাতজন হর্তাকর্তা গ্রেপ্তার হয়েছেন, তাঁদের পাঁচজনই তো দক্ষিণ আমেরিকার। ফিফার সহসভাপতি উরুগুয়ের ইউজেনিও ফিগুয়েরাদো, ফিফার অলিম্পিক ফুটবল আয়োজক কমিটির নির্বাহী সদস্য ব্রাজিলের হোসে মারিয়া মারিনও আছেন এঁদের মধ্যে। গ্রেপ্তার হতে পারতেন ফিফার নির্বাহী কমিটির সাবেক সদস্য নিকোলাস লিওজও। কিন্তু প্যারাগুয়েতে নিজ বাড়িতে থাকায় পার পেয়ে গেছেন। লিওজ অবশ্য খবরটা শোনার সঙ্গে সঙ্গেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ফিগুয়েরাদো ও লিওজ দুজনেরই বয়স আশির কোঠায়। সাবেক ফিফা সভাপতি হোয়াও হ্যাভেলাঞ্জ-যুগের শেষ প্রতিনিধি বলা যায় তাঁদের। ১৯৭৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ফিফার সভাপতি ছিলেন হ্যাভেলাঞ্জ। এই ব্রাজিলিয়ান যখন বিশ্ব ফুটবলের সর্বময় কর্তা, দক্ষিণ আমেরিকায় দোর্দণ্ড প্রতাপে ছড়ি ঘোরাচ্ছেন আর্জেন্টিনার হুলিও গ্রন্দোনা। দুজনের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ অনেক পুরোনো। তবে নিরেট প্রমাণ পাওয়া যায়নি কোনো।
বিশ্ব ফুটবলই এখন টালমাটাল ফিফার এই কেলেঙ্কারিতে। কিন্তু সেই কালিটা বেশি লাগছে দক্ষিণ আমেরিকার গায়েই। তবে খবরটা শুনে এই মহাদেশের মানুষ যে খুব বিস্ময়াবিভূত, তা কিন্তু নয়। বরং অনেকেই এমন একটা ভঙ্গি করছেন যার অর্থ—এ আর নতুন কী! আমরা তো জানতামই। দক্ষিণ আমেরিকান ফুটবলে দুর্নীতির অভিযোগ যে অনেক পুরোনো।
ফিফার দুর্নীতির বিরুদ্ধে অনেক দিন থেকেই গলা ফাটিয়ে আসছেন ডিয়েগো ম্যারাডোনা। পরশুর ঘটনার পর আর্জেন্টাইন কিংবদন্তির প্রতিক্রিয়ায় নিজের দাবি সত্যি প্রমাণিত হওয়ার উল্লাস, ‘অনেক দিন থেকেই এটা বলে আসছি। আমি উপভোগই করছি ব্যাপারটা। ওরা আমাকে পাগল বলত। সত্যটা তো এখন এফবিআই বের করেছে। ফুটবলে এখন স্বচ্ছতা বলতে কিছু নেই।’
ম্যারাডোনার তোপ অবশ্য সেপ ব্ল্যাটারের দিকেই বেশি। ব্ল্যাটারের তীব্র সমালোচক তিনি অনেক আগে থেকেই। পরশু ব্ল্যাটারের একটা ছবি পোস্ট করেছেন নিজের ফেসবুক পেজে, সঙ্গে স্প্যানিশ ও ইংরেজিতে লেখা ‘চোর’। যা বললেন, তাতেও বোঝা যায় ক্ষোভের মাত্রাটা, ‘ফিফাতে যদি আসতে পারি, শুধু ভালো মানুষেরা থাকবে। আর খারাপ লোকদের ব্যাপারটা আমি ব্যক্তিগতভাবে দেখব। ওদের কোথায় লাথি মারতে হবে, সেটা তো আপনি জানেনই। দেখা যাক, ব্ল্যাটার যদি আবার আসেন তখন কী হয়। এসব যখন হচ্ছিল, উনি তখন কোথায় ছিলেন?’
ম্যারাডোনা একা নন, ব্রাজিলের রোমারিও ও প্যারাগুয়ের চিলাভার্টের মতো সাবেক ফুটবলাররাও অনেক দিন থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। কিন্তু তাঁদেরই কেউই ফুটবল প্রশাসনে যেতে পারেননি। রোমারিও পরশু স্বাগত জানালেন এফবিআইয়ের অভিযানকে, ‘ফুটবলের যারা ক্ষতি করতে চায়, তাদের ধরা হয়েছে। একজন চোরকে জেলেই যেতে হবে। আমি এফবিআই, বিশেষ করে সুইস পুলিশকে অভিনন্দন জানাচ্ছি।’
রোমারিওদের অভিযোগ, খেলোয়াড়দের দলবদল দক্ষিণ আমেরিকার ফুটবল কর্তাদের দুর্নীতির বড় উৎস। এখানে বেশির ভাগ খেলোয়াড়দের স্বত্ব তৃতীয় পক্ষের। খেলোয়াড়দের দলবদল অনেকটাই নিয়ন্ত্রণ করেন বড় ব্যবসায়ীরা। অথচ খেলোয়াড়েদের বেতন সেই তুলনায় নগণ্য, টাকা যায় কর্তাদের পকেটেই। এফবিআইয়ের তদন্তে মিলিয়ন মিলিয়ন ডলারের যে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে, তার তুলনায় অবশ্য এসব নস্যিই! এএফপি।