ব্ল্যাটারে অনাস্থা পৃষ্ঠপোষকদেরও
এমনকি এপ্রিলে ফিফার সাত কর্মকর্তা গ্রেপ্তার হওয়ার পরও এমনটা ঘটেনি। ফিফার পৃষ্ঠপোষকেরা তখন সেপ ব্ল্যাটারের বিরুদ্ধে সরাসরি কিছু বলেনি, শুধু ফিফায় সংস্কারের আহ্বান জানিয়েছিল। এবার সেই পৃষ্ঠপোষকেরাই সরাসরি মুখ খুলল ব্ল্যাটারের বিরুদ্ধে! ফিফার অন্যতম চার পৃষ্ঠপোষক কোকাকোলা, ম্যাকডোনাল্ড, ভিসা, বাডউইজার ব্ল্যাটারকে যত দ্রুত সম্ভব সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
কাল ফিফার প্রধান চার পৃষ্ঠপোষকই বিবৃতিতে একই কথা বলেছে। কোকাকোলা যেমন বলেছে, ‘খেলাটির বৃহত্তর স্বার্থেই কোকাকোলা যত শিগগির সম্ভব সেপ ব্ল্যাটারকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে, যাতে করে একটা সুসংহত সংস্কারপ্রক্রিয়া দ্রুত শুরু করা যায়। প্রতিদিনই ফিফার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, মর্যাদা কমছে। ফিফায় খুব দ্রুতই একটা পরিবর্তন দরকার।’ ম্যাকডোনাল্ডের কথায়ও একই সুর, ‘আমরা চাই খেলাটির ভালোর জন্যই যত দ্রুত সম্ভব সেপ ব্ল্যাটারের সরে যাওয়া উচিত। ফিফায় সংস্কার করে দ্রুত এই সংস্থার ভাবমূর্তিটা ফিরিয়ে আনতে হবে।’ ভিসার বক্তব্য আরও সরাসরি, ‘আমরা বিশ্বাস করি, ফিফার এই নেতৃত্বের অধীনে কোনো অর্থবহ সংস্কার সম্ভব নয়। এবং সেপ ব্ল্যাটার যত দ্রুত সম্ভব সরে গেলেই শুধু এই প্রক্রিয়া শুরু হতে পারে।’ বাডউইজার বলেছে, ব্ল্যাটার এখন ফিফার সামনে এগিয়ে যাওয়ার পথে বাধা। কাল ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) সভাপতি গ্রেগ ডাইকও বলেছেন, পৃষ্ঠপোষকদের অনাস্থার পর ব্ল্যাটারের আর পদ আঁকড়ে থাকা উচিত নয়।
গত সপ্তাহে ব্ল্যাটারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ এনেছে সুইস কর্তৃপক্ষ। ফিফার নৈতিকতা-বিষয়ক কমিটি এর পরই ঘোষণা দিয়েছে, তারা ব্ল্যাটারের বিরুদ্ধে তদন্ত শুরু করবে। গুঞ্জন এমন যে যেকোনো সময় ফিফা থেকে নিষিদ্ধ হতে পারেন ব্ল্যাটার। কাল পৃষ্ঠপোষকদের ঘোষণার পর তো পায়ের নিচের মাটিটা প্রায় সরেই গেছে। তবে ব্ল্যাটার কাল আবারও বলেছেন, ফিফা থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছাই তাঁর নেই। এএফপি।