ব্ল্যাটারের চেয়ে কম বেতন ইনফান্তিনোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেপ ব্ল্যাটার-যুগের দুর্নীতি আর বিতর্ক পেছনে ফেলে ফিফাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন তাঁর কাঁধে। তবে সেই দায়িত্ব পালনে নতুন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যে বেতন পাবেন, তা বিদায়ী সভাপতি ব্ল্যাটারের চেয়ে বেশ কম! কিন্তু এ নিয়ে কিছুই করার নেই ইনফান্তিনোর। ফিফার সংস্কার প্রস্তাব অনুযায়ী এটাই হতে যাচ্ছে এবং এই সংস্কার প্রস্তাবের পক্ষে ছিলেন ইনফান্তিনো নিজেও।
বেতন কমার কারণটা জেনে নেওয়া যাক। ফিফার ২০১৪ সালের বার্ষিক হিসাব-নিকাশের পর দেখা গেছে, সংস্থাটির ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বেতনের পেছনেই খরচ হয়েছে প্রায় ৩ কোটি ৯৭ লাখ ডলার! এ ছাড়া যাবতীয় দুর্নীতির তদন্ত করতে এ মুহূর্তে ফিফার প্রতি মাসে আইনি খরচ ১ কোটি ডলার! এসব খরচের ফলে সব মিলিয়ে সর্বশেষ চার বছরে যে আয়ের লক্ষ্যমাত্রা ছিল ফিফার, তা থেকে ৫৫ কোটি ডলার পিছিয়ে আছে সংস্থাটি।
ফিফার নির্বাহী কমিটির পক্ষ থেকে তাই প্রস্তাব করা হয়েছিল, নতুন সভাপতিসহ কাউন্সিল সদস্যদের বেতন কিছুটা কমিয়ে আনার। গত শুক্রবার জুরিখে ফিফার বিশেষ কংগ্রেসে এই সংস্কার প্রস্তাব পাসও হয়েছে। শুধু তা-ই নয়, সভাপতিসহ সব উচ্চপদস্থ কর্মকর্তার বেতনের অঙ্ক প্রকাশ করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এত দিন ব্ল্যাটারদের বেতনের অঙ্ক প্রকাশ করার কোনো দায় ছিল না বলে সেটি নিয়ে কোনো প্রশ্নও তোলা যায়নি। এখন যেহেতু অঙ্কটা জানতে পারছে সবাই, তাই কোনো প্রশ্ন যেন না উঠে সেদিকেও সতর্ক ফিফার নির্বাহী কমিটি। ইনফান্তিনো ও নতুন ফিফা কাউন্সিলের সদস্যদের বেতন কমে যাওয়ার সেটিও একটা কারণ।
ধারণা করা হয়, অন্যান্য বোনাস বাদ দিয়ে বছরে প্রায় ৬০ লাখ ডলার বেতন পেতেন ব্ল্যাটার! ইনফান্তিনোর বেতনটা এর চেয়ে একটু কমই হবে। অঙ্কটা ঠিক কত, তা এখনই বলা সম্ভব নয়। সংস্কার প্রস্তাবে আরও বলা হয়েছে, এখন থেকে ফিফা মহাসচিবের কার্যালয় বাণিজ্যিক ও প্রশাসনিক বিষয়গুলো পরিচালনা করবে। তার মানে দায়িত্ব বেড়ে যাচ্ছে নতুন মহাসচিবের। তবে বাণিজ্যিক বিষয়গুলো যেহেতু মহাসচিব দেখবেন, সেসবের জন্য বোনাসও তিনি পাবেন। বেতন-বোনাস মিলে মহাসচিবের আয়টা তাই সভাপতির চেয়ে বেশিই হতে পারে!
সেই মহাসচিব কে হচ্ছেন, তা অবশ্য এখনো ঠিক হয়নি। তবে নির্বাচনে জেতার পর ইনফান্তিনো ঘোষণা দিয়েছেন, তিনি যেহেতু ইউরোপীয়, মহাসচিব হিসেবে একজন অ-ইউরোপীয়কেই বেছে নেবেন। আগামী সপ্তাহের মধ্যেই সেই মহাসচিবের নাম জানা যেতে পারে। ডেইলি মেইল।