ব্ল্যাটারের তোপ যুক্তরাষ্ট্র-উয়েফাকে

ঝড় থেমে গেলেও তার দাগ রেখে যায়। ফুটবল-বিশ্বে গত কয়েক দিন যে তোলপাড়, সেপ ব্ল্যাটারের পঞ্চম দফায় সভাপতি হওয়ার পর সেটা অনেকটাই স্তিমিত। কিন্তু নির্বাচিত হওয়ার পর ফিফা সভাপতি বুঝিয়ে দিয়েছেন, গত কয়েক দিনের ঘটনা কিছুই তিনি ভোলেননি। তাঁর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (উয়েফা) দিকে সরাসরি আঙুল তুলেছেন।
নির্বাচনের দুই দিন আগে জুরিখের এক হোটেল থেকে গ্রেপ্তার হন ফিফার পদস্থ সাত কর্মকর্তা। ঘুষসহ বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ আসে তাঁদের বিরুদ্ধে। অনুমিত ছিল যে ব্ল্যাটার তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই আরেক দফা সভাপতি হবেন। কিন্তু বদলে যাওয়া পরিস্থিতিতে জর্ডানের প্রিন্স আলি বিন আল হুসেইনের সমর্থনের পাল্লা ভারী হতে থাকে। তবে ভোটের ফলাফল দেখাল সেটা যথেষ্ট ছিল না। প্রমাণ হলো ফুটবল-বিশ্বে ব্ল্যাটারের প্রভাব এখনো বাকিদের চেয়ে বেশি।
ফিফা নির্বাচনের দুই দিন আগে পুলিশি অভিযোগ কেন, সেই প্রশ্ন ব্ল্যাটার ভোট গ্রহণের আগে দেওয়া ১৫ মিনিটের বক্তৃতায়ই তুলেছেন। নির্বাচনের আগে যে কথাটা সরাসরি বলেননি, কাল সেটি স্পষ্ট করেছেন, ‘কিছু কিছু ইঙ্গিত আছে যেগুলো আসলে এড়িয়ে যাওয়া যায় না। ২০২২ বিশ্বকাপের প্রার্থী ছিল যুক্তরাষ্ট্র, কিন্তু সেটা তারা পায়নি। আমি নিশ্চিত করে কিছুই বলছি না, কিন্তু ব্যাপারটা খুব ভালো কিছু নয়।’ স্মরণযোগ্য যে পুলিশি অভিযানটা পরিচালিত হয়েছে এফবিআইয়ের অধীনেই, আর যুক্তরাষ্ট্রের বিচারিক বিভাগ এ মুহূর্তে পুরো ব্যাপারটা তদন্ত করছে। গ্রেপ্তার-কাণ্ডের পরই কিন্তু যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন আলীকে সমর্থন জানায়। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল লরেত্তা লিঞ্চের দাবি, ফিফায় দুর্নীতির মাত্রা ‘মারাত্মক, পদ্ধতিগত ও শিকড়টা গভীরে পোঁতা।’ ব্ল্যাটার পাটকেল ছুড়েছেন তাঁর দিকে, ‘আমি খুবই বিস্মিত হয়েছি। ফিফা সভাপতি হিসেবে আমি শতভাগ নিশ্চিত হয়ে তো আরেকটা সংগঠনে কী হচ্ছে সে ব্যাপারে মন্তব্য করতে পারি না।’ তবে ব্ল্যাটার যতই বলুন, তদন্তে যে আরও অনেকে ফেঁসে যেতে পারেন সেটা জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ববিষয়ক তদন্তপ্রধান রিচার্ড ওয়েবার, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ রকম অপরাধের সঙ্গে আরও অনেক লোক জড়িত।’
শুধু যুক্তরাষ্ট্র তো প্রতিপক্ষ নয়, উয়েফাও এখন ব্ল্যাটারের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে। মিশেল প্লাতিনি নির্বাচনের আগে ব্ল্যাটারকে সরে দাঁড়াতে বলে এটাও জানিয়ে রাখেন যে, তিনি পুনর্নির্বাচিত হলে উয়েফা ২০১৮ বিশ্বকাপ বর্জনের দিকেও যেতে পারে। নির্বাচনের পরই যদিও সুরটা অনেক নরম করে ফেলেছেন, ‘ফিফার আস্থা ফিরিয়ে আনতে হলে পরিবর্তন জরুরি। সেই পরিবর্তনের জন্য উয়েফা যেভাবে চেষ্টা করেছে তাতে আমি গর্বিত।’
ব্ল্যাটারের কথা থেকে বোঝা যায়, সামনে ফিফা-উয়েফা চাপান-উতোর বাড়বে বই কমবে না, ‘উয়েফার শুধু একজনই যে ঘৃণাটা ছড়াচ্ছেন তা নয়, সেই ১৯৯৮ সালে সভাপতি হওয়ার পর থেকেই উয়েফা এটা করে আসছে। আমি সবাইকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু কিছুই ভুলব না।’
বোঝাই যাচ্ছে, সামনে আরও অনেক খারাপ সময় আসছে। এএফপি।