ব্ল্যাটারের পরে কে?
অনেক কেলেঙ্কারি আর বিতর্কের বোঝা মাথায় নিয়ে সেপ ব্ল্যাটার যাচ্ছেন। প্রায় ১৭ বছরের ফিফা-রাজত্ব ফুটবলকে কতটুকু দিয়েছে আর কী কেড়ে নিয়েছে সেই প্রশ্ন তোলা থাকছে ভবিষ্যতের জন্য। এ মুহূর্তে ফুটবল-বিশ্বে সবচেয়ে বড় প্রশ্ন একটাই—ব্ল্যাটারের পরে কে? কে হবেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ কর্তা?
পদত্যাগ করলেও নতুন সভাপতি নির্বাচন পর্যন্ত থাকছেন ব্ল্যাটার। এই ডিসেম্বর থেকে আগামী বছর মার্চের মধ্যে যেকোনো একসময় হবে ফিফার বিশেষ কংগ্রেস। নতুন সভাপতি পদে নির্বাচনও হবে সেখানেই।
ব্ল্যাটারের উত্তরসূরি হিসেবে এ মুহূর্তে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে মিশেল প্লাতিনির নাম। সাবেক এই ফরাসি ফুটবল তারকা প্রায় ৮ বছর ধরে উয়েফার সভাপতি পদে বেশ সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। ব্ল্যাটারবিরোধী আন্দোলনেও উচ্চকণ্ঠ তিনি। দেশের হয়ে ৭২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা প্লাতিনির হাত ধরেই ১৯৮৪ সালে ইউরো জিতেছিল ফ্রান্স। তিনবারের ব্যালন ডি’অরজয়ী প্লাতিনি পরে আয়োজক হিসেবেও ১৯৯৮ বিশ্বকাপে যথেষ্ট সফলতার পরিচয় দিয়েছেন। সংগঠক হিসেবে অভিজ্ঞতার পাশাপাশি প্লাতিনির বর্ণাঢ্য খেলোয়াড়ি ক্যারিয়ারও সভাপতি পদটাকে অলংকৃত করবে বলে মনে করছেন অনেকে। তবে ফিফা সভাপতি হতে চান, না উয়েফার সভাপতি পদেই থাকতে চান এটা এখনো পরিষ্কার করেননি প্লাতিনি।
সর্বশেষ নির্বাচনে ব্ল্যাটারের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন জর্ডানের প্রিন্স আলী বিন আল হুসেইন। প্রথম ধাপে ব্ল্যাটার ১৩৩-৭৩ ভোটে এগিয়ে থাকার পর দ্বিতীয় ধাপে ভোটাভুটি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন প্রিন্স আলী। তবে এখনকার পরিস্থিতিতে ৩৯ বছর বয়সী সাবেক ফিফা সহসভাপতি আবারও নির্বাচন করতে তৈরি বলেই জানিয়েছেন জর্ডান ফুটবল ফেডারেশনের সহসভাপতি শালা শাবরা, ‘নতুন নির্বাচনের জন্য প্রিন্স আলী তৈরি। এমনকি সবাই চাইলে তিনি এখনই সভাপতির দায়িত্বও নিতে পারেন।’
এঁদের সঙ্গে আলোচনায় আছে পর্তুগালের সাবেক ফুটবল তারকা লুইস ফিগোর নামও। সর্বশেষ ফিফা নির্বাচনে তিনি শুরুতে ব্ল্যাটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকলেও পরে প্রিন্স হুসেইনকে সমর্থন দিয়ে সরে দাঁড়ান নির্বাচন থেকে। তবে নতুন নির্বাচনে তিনিও প্রার্থী হতে পারেন। ফিগোর মতোই হুসেইনকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানো ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাইকেল ফন প্রাগও আবার চলে আসতে পারেন নির্বাচনী লড়াইয়ে।
আছেন দুই ফরাসি ফুটবল কর্মকর্তা জেরোম শ্যাম্পেইন ও জেরোম ভালকের নামও। এঁরা দুজন দীর্ঘদিন ফিফায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এঁদের পাশাপাশি জার্মানির উলফগ্যাং নিয়েরশবাখ ও ইতালির দোমেনিকো স্কালাও লড়তে পারেন ফিফার নতুন সভাপতি পদে।
এঁদের প্রায় সবার নামই সর্বশেষ নির্বাচনের সময় ঘুরেফিরে এসেছে। তবে সভাপতি হওয়ার দৌড়ে নতুন করে শামিল হতে পারেন সাবেক ব্রাজিল তারকা জিকো। ব্রাজিল ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার, নিজ দেশের ক্রীড়ামন্ত্রীও ছিলেন দীর্ঘদিন। জাপান, তুরস্ক, রাশিয়া, গ্রিস আর ইরাক জাতীয় দলের কোচ হিসেবেও কাজ করেছেন। ব্ল্যাটারের পদত্যাগের পরপরই জিকো নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘এখনো কারও সমর্থন পাইনি। কিন্তু কে জানে, যদি উন্মুক্ত লড়াই হয়, আমি সভাপতি পদে লড়তেও পারি।’
এসবের মধ্যে পরবর্তী ফিফা সভাপতি হিসেবে সবচেয়ে চমকপ্রদ নামটা প্রস্তাব করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ব্ল্যাটার পদত্যাগ করার পরপরই মাদুরো বলেছেন, ‘ফিফার পরবর্তী সভাপতি হওয়া উচিত ডিয়েগো ম্যারাডোনা কিংবা ওর মতো কারোর। দীর্ঘদিন ধরে ম্যারাডোনা ফিফা দুর্নীতি নিয়ে সমালোচনা করে আসছে। আর ফিফা উল্টো তাকে হুমকি দিয়েছে, তাকে নিয়ে হাসাহাসি করেছে।’ রয়টার্স, এএফপি।