ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে সেপ ব্ল্যাটার কী বলেছিলেন মনে আছে? রোনালদোর ভাবভঙ্গি অনুকরণ করে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন ফিফা সভাপতি। রিয়াল মাদ্রিদ পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু ব্ল্যাটারের এই রোনালদো-শ্লেষ কেন? কাল যে খবরটা চাউর হয়েছে, সেটা সত্যি হলে একটা কারণ থাকতে পারে। ক্রিস্টিয়ানো রোনালদোর সাবেক প্রেমিকা ইরিনা শায়াকের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছিলেন ব্ল্যাটার! ২০০২ থেকে ২০১৪ সালের মধ্যে স্বল্প সময়ের জন্য সম্পর্ক ছিল তাঁদের। দুজনের বয়সের ব্যবধান প্রায় ৫০, আপাতদৃষ্টিতে খবরটা একটু অবিশ্বাস্যই। এই অবিশ্বাস্য খবরটাই দিয়েছে স্প্যানিশ দৈনিক পত্রিকা এল মুন্দো দেপোর্তিভো। নিজের চেয়ে কম বয়সী মেয়েদের সঙ্গে এর আগেও বেশ কয়েকবার জড়িয়ে পড়েছিলেন ব্ল্যাটার। ছাড়াছাড়ি হয়ে যাওয়া তৃতীয় স্ত্রী গ্রাজিয়েলা বিয়াঙ্কা ছিলেন তাঁর মেয়ে কোরিন ব্ল্যাটারের বান্ধবী! মেইল অনলাইন।