ব্ল্যাটারের বিপক্ষে জিনোলা

পঞ্চমবারের মতো ফিফা সভাপতি পদপ্রার্থী সেপ ব্ল্যাটার। তবে ভোটের লড়াইয়ে ইতিমধ্যে একজন ‘শক্ত’ প্রতিদ্বন্দ্বী পেয়ে গেছেন তিনি। বর্তমান সহসভাপতি জর্ডানের প্রিন্স আলী বিন হুসেন লড়বেন ব্ল্যাটারের বিপক্ষে। এ লড়াইয়ে হয়তো যোগ হতে যাচ্ছে আরও একজনের নাম। সাবেক ফ্রেঞ্চ ফরোয়ার্ড ডেভিড জিনোলাও ফিফা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন। পিএসজি ও টটেনহামের সাবেক এই ফুটবলার পরশু লন্ডনে নিজের এই ইচ্ছের কথা জানিয়েছেন। অবশ্য নির্বাচন করার মতো যোগ্যতা আছে কি না জিনোলাকে সেটা আগে প্রমাণ করতে হবে। ফিফার নিয়মানুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে গত পাঁচ বছরের মধ্যে অন্তত দুই বছর ফিফা স্বীকৃতি যেকোনো সাংগঠনিক দায়িত্বে সক্রিয় থাকতে হবে এবং ফিফার সদস্য যেকোনো ৫টি দেশ দ্বারা মনোনীত হতে হবে। এর আগে ইংল্যান্ডকে ২০১৮ বিশ্বকাপের স্বাগতিক বানানোর জন্য প্রচারণা চালিয়ে মাত্র দুটি ভোট জোগাড় করতে পেরেছিলেন জিনোলা! বিবিসি।